সাইকেলে বরযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাইকেল চালান, পরিবেশ দূষণ কমান’—এটি রাস্তার পাশে কিংবা কোনো ভবনে টানানো ফলকের লেখা নয়। বর নিজে যে সাইকেল চালিয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন, সেই সাইকেলের সামনে ছোট্ট ব্যানারে লেখা ছিল এই স্লোগান।

প্রথম আলোর খবর থেকে জানা যায়, গত মঙ্গলবার খুলনা শহরে সাইকেলযোগেই বরযাত্রীরা বিবাহস্থলে পৌঁছান। নগরের গল্লামারী থেকে বসুপাড়া পর্যন্ত পুরো পথ শেরওয়ানি ও পাগড়ি পরে বর শরিফুল ইসলাম নিজে গাঁদা ফুলে সাজানো একটি সাইকেল চালিয়ে গেছেন। ছবিতে দেখা যায়, বরাযাত্রীদের পরনে ছিল নতুন পোশাক আর পায়ে সাইকেলের প্যাডেল। এ দৃশ্য যাঁরা দেখেছেন, তাঁরাও প্রচুর আনন্দ পেয়েছেন।

 অনেকেই প্রশ্ন করতে পারেন, সাইকেলে বরযাত্রা কেন? অন্য কোনো উদ্দেশ্য নয়। শরিফুল নিজেকে একজন পরিবেশবান্ধব মানুষ মনে করেন বলেই তিনি পরিবেশসম্মত বাহনে চড়ে বিয়ে করতে গেছেন। তাঁর ধারণা, এ থেকে অন্যরাও উৎসাহিত হবেন। পরিবেশবান্ধব বাহন ব্যবহারের পক্ষে তিনি অনেক দিন আগে থেকেই প্রচার চালিয়ে আসছেন। নিজেও সাইকেলে ঘুরেছেন দেশের ৬৪টি জেলা, গিয়েছেন বিদেশেও।

শরিফুলের বরযাত্রা যে অন্যদেরও উৎসাহিত করেছে, তা জানা গেল একজন বরযাত্রীর মন্তব্য থেকে। তাঁর মতে, ‘এ রকম একটা অভিনব বরযাত্রার সাক্ষী হতে পেরে অনেক ভালো লাগছে। রাস্তায় মানুষের কৌতূহল ও উৎসাহ সেই আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।’ এ আনন্দ প্রসারিত হোক।

বরযাত্রীদের এই সাইকেলযাত্রা দেশবাসীর জন্য কৌতূহলোদ্দীপক ঘটনা হলেও এর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে। এর আগে বাসে, গাড়িতে, নৌকায়, লঞ্চে, স্টিমারে বরযাত্রার কথা শোনা গেলেও সাইকেলে সম্ভবত এটাই প্রথম। অন্তত খুলনা শহরে। সে কারণে আমরা এই সাইকেল আরোহী বর ও তাঁর সহযাত্রীদের অভিনন্দন জানাই। যখন যান্ত্রিক বাহনে পরিবেশ দূষিত হচ্ছে এবং আরোহীরাও অতিষ্ঠ, তখন শরিফুলের সাইকেলে বরযাত্রা অনেকের জন্য অনুসরণীয় হতে পারে। পরিবেশ সম্পর্কে আমরা যদি সবাই তাঁর মতো সজাগ থাকি, তাহলে কেবল খুলনা শহর নয়, গোটা দেশকেই পরিবেশবান্ধব করে গড়ে তুলতে পারব।