সাইবার অপরাধমুক্ত দেশ গড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বদলে যাও বদলে দাও মিছিল’ ব্লগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নির্বাচিত নয়টি ইস্যু নিয়ে অব্যাহত আলোচনা হচ্ছে। আজ ‘সাইবার অপরাধমুক্ত দেশ চাই’ ইস্যুতে একটি বিশ্লেষণাত্মক অভিমতসহ আরও দুজন লেখকের নির্বাচিত মন্তব্য ছাপা হলো।সাইবার অপরাধের করুণ শিকার আমাদের দেশের মেয়েরা। সম্প্রতি উদ্বেগের সঙ্গে লক্ষ করা গেছে, দেশের প্রতিষ্ঠিত শিল্পী, অভিনেত্রীসহ বিদ্যালয়ের মেয়েরা পর্যন্ত সাইবার অপরাধের শিকার হচ্ছেন নিজের অজান্তে। ক্যামেরায় বা মুঠোফোনে শ্লীলতাহানি কিংবা ব্যক্তিগত দৃশ্য ভিডিও করে তা ইন্টারনেটে দেওয়ার মতো কয়েকটি জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে আমাদের দেশে। বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন ২০০৬ অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃত থাকলেও আমরা এখন পর্যন্ত কোনো একটি ঘটনার বিচার দেখতে পাইনি।সাইবার অপরাধে নারী নির্যাতনের মধ্যে আরও রয়েছে ফেসবুকে অশ্লীল ছবি প্রদর্শন, ছবিসহ ভুয়া ঠিকানা খোলা, ই-মেইলে হুমকি প্রদান ইত্যাদি। এসব আমাদের সামাজিক উদ্বেগের মাত্রাকে ক্রমেই বাড়িয়ে দিচ্ছে। সাইবার অপরাধ মূলত কম্পিউটারে ব্যবহূত কর্মকাণ্ড, যার নেটওয়ার্ক ব্যবহার করে বিশ্বব্যাপী অপরাধ পরিচালনা করে থাকে অপরাধীরা। এ শব্দটি শুধু বাংলাদেশেই নয়, উন্নয়নশীল প্রতিটি দেশের অতিপরিচিত ও ভীতিকর একটি শব্দ। এ বিষয়ে জানা থাক বা না থাক, মানুষ এর শিকার হচ্ছে প্রতিদিন। সাইবার অপরাধ বিশ্বে নতুন কোনো ঘটনা নয়, শুধু মাধ্যমটি ভিন্ন।ইন্টারনেট একদিকে মানুষের জীবন সহজ করেছে, অন্যদিকে নারীর জীবনে বয়ে এনেছে নানা উপায়ে প্রযুক্তিগত নির্যাতন। ব্যবহারের মাধ্যমে নারীদের অশ্লীলভাবে প্রকাশ করছে। এ কারণে একজন নারী যেমন মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন, সামাজিকভাবেও হচ্ছেন বিপর্যস্ত, অন্যদিকে বঞ্চিত হচ্ছেন ন্যায়বিচার থেকে। দুই বছরে সংবাদপত্রে অনেকগুলো ঘটনা প্রকাশিত হয়েছে, যার অনেকগুলো মফস্বল এলাকায়। এসব ঘটনায় কোমলমতি স্কুলছাত্রীরাও রেহাই পায়নি। জোর করে শ্লীলতাহানি এবং সেই দৃশ্য ভিডিও করে মুঠোফোন, ভিডিও দোকান ও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। জড়িত ব্যক্তিদের রাজনৈতিক শক্তির অপপ্রয়োগের অভিযোগ পাওয়া গেছে বারবার। কিন্তু রাজনৈতিক সংগঠনের বিচারও আমরা দেখতে পাইনি। দলীয় আদর্শ বলে তো অনেক কথাই প্রচার করা হয়। এসব আদর্শের স্তুতিবাক্য কি আসলেই মূল্যহীন? তাই দিনে দিনে বেড়ে চলছে সাইবার-বিড়ম্বনা। সমাজে নারীর প্রতি অন্যান্য নির্যাতন, যেমন—যৌতুক, অপহরণ, অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, অপহরণ ও নারী পাচারের পাশাপাশি নির্যাতনের নতুন মাত্রা যোগ হয়েছে আজকের সাইবার অপরাধে। অপরাধ নির্মূলে রাজনৈতিক দলগুলোর কি কোনো দায়িত্ব নেই?অপরাধবিজ্ঞান ও মনোবিজ্ঞানীরা বলছেন, পারস্পরিক সম্পর্ক, ঈর্ষা, হতাশা, বিবাহবিচ্ছেদ, প্রেমে ব্যর্থতা, ধৈর্যচ্যুতি, মানসিক বিপর্যস্ততা, সামাজিক অবক্ষয় প্রভৃতি কারণ এ ধরনের অপরাধের পেছনে দায়ী। এ ছাড়া এ ধরনের অপরাধ ঘটাতে অপরাধীকে খুব বেশি কষ্ট করতে হয় না। পৃথিবীর যেকোনো প্রান্তে বসে এ ধরনের অপরাধ করতে পারে। অনেক ক্ষেত্রে সচেতনতার অভাবে নারীরা এর শিকার হচ্ছেন। সাইবার অপরাধের নির্যাতিত নারীরা অনেক ক্ষেত্রে পরিবার, কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ এমনকি রাষ্ট্রের কাছ থেকেও হেয়প্রতিপন্ন হয়ে থাকেন।প্রযুক্তি দিয়ে কখনো সাইবার অপরাধ বন্ধ করা সম্ভব নয়। একটির বদলে আরেকটি জন্ম নেবে কৌশলে। তবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে, বিশেষ করে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে মেয়েদের অনেক সচেতন হতে হবে। অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে। প্রলুব্ধ করার মতো নানা ধরনের লিংক এলে সেগুলোয় কখনো ক্লিক করা যাবে না। পাশাপাশি চ্যাট করার সময়ও সচেতন থাকতে হবে, কার সঙ্গে, কী চ্যাট করছি। অনেক ক্ষেত্রে আত্মীয় কিংবা পরিচিত ব্যক্তির পরিচয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে মেয়েদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়।আইসিটি আইনের কিছু বিচারিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সর্বশেষ সাইবার অপরাধ প্রতিরোধে গত ২৮ ফেব্রুয়ারি পর্নোগ্রাফি অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ বিল, ২০১২’ সংসদে পাস হয়েছে, যার মাধ্যমে নারী নির্যাতন অনেকটাই কমে আসবে বলে মনে করছেন আইনজীবীরা। সমস্যা হলো, বেশির ভাগ নারীই সমাজে সম্মানহানির ভয়ে অভিযোগ করতে চান না। সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।এও সত্য, শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়, জরুরি হলো এর যথাযথ বাস্তবায়ন। আমাদের দেশে নারীদের জন্য অনেক আইন রয়েছে, যেগুলোর কার্যকারিতা নেই বললেই চলে। পাঠক, একটু ভেবে দেখুন, এই আইনের বাস্তবায়নটা খুব কঠিন একটি বিষয় হয়ে দাঁড়াবে মুঠোফোনের রেজিস্ট্রেশন করার নিয়ম না মানার কারণে। এখনো যেখানে-সেখানে সিম বিক্রি হয়। বিষয়টি যদি কঠোরভাবে বন্ধ করা সম্ভব হয়, তা হলে কেবল আইনটি কার্যকর করা সম্ভব হবে। এ ধরনের অপরাধের শিকার একজন নারী মামলা করলেও দেখা যায় মামলাগুলো আসে দীর্ঘদিন পরে। বিচার শেষ পর্যন্ত চলে না। আপস, হুমকি ইত্যাদি কারণে অপরাধীরা পার পেয়ে যায়।সর্বোপরি, এ ধরনের অপরাধ ঠেকাতে সবার আগে প্রয়োজন আমাদের নৈতিকতার বিকাশ ও সচেতনতা বৃদ্ধি। প্রযুক্তিকে আমাদের আশীর্বাদ হিসেবে ব্যবহার করতে হবে; মানুষের জীবনে অভিশাপ হয়ে উঠতে নয়। আমাদেরই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে অপব্যবহারকে। একই সঙ্গে আমরা যেন সম্মান করতে শিখি সম্পর্কের গাঁথুনিকে, যার বেড়াজাল আজও টিকিয়ে রেখেছে এ সমাজকে। নারীকে জৈবিক সম্পর্কের পণ্য হিসেবে নয়; বরং আসুন, উভয়কেই সম্মান করতে শিখি। একটি সম্পর্ক যে শুধুই শারীরিক আনন্দ দেয়, এর চেয়েও বড় সত্যকে সম্মান করি যে এভাবেই একটি নতুন মানব প্রাণের সৃষ্টি হয়। তাই এ সম্পর্কগুলো যেন আর অসম্মানিত না হতে পারে, আজ আমরা সেই প্রতিজ্ঞাই করি। বদলে যাই বদলে দিই। ঈশিতা বিনতে শিরিন নজরুল: বদলে যাও বদলে দাও মিছিল ব্লগের নিয়মিত লেখক।[email protected]ই-মেইল: [email protected]/bjbdmichhilজনমত জরিপের ফলাফলবদলে যাও বদলে দাও মিছিলের ওয়েবসাইটে নতুন তিনটি জনমত শুরু হয়েছে চলতি সপ্তাহে। আপনিও অংশ নিন জরিপে।ভেজালমুক্ত খাদ্যের নিশ্চয়তায় প্রতিটি জেলায় খাদ্য ও ওষুধ প্রশাসন গঠন করা প্রয়োজন বলে মনে করেন? হ্যাঁ ৮৮%  না ৭% মন্তব্য নেই ৫% ৩ অক্টোবর, ২০১২ পর্যন্তআপনি কি মনে করেন, বাড়িভাড়া নির্ধারণ ও নিয়ন্ত্রণে একটি স্বতন্ত্র কমিশন গঠন অপরিহার্য? হ্যাঁ ৮৮%  না ৮% মন্তব্য নেই ৪% ৩ অক্টোবর, ২০১২ পর্যন্তআপনি কি মনে করেন, সাইবার অপরাধ প্রতিরোধে এখনই সাইবার ট্রাইব্যুনাল গঠন জরুরি? হ্যাঁ ৮৪%  না ১২% মন্তব্য নেই ৪% ৩ অক্টোবর, ২০১২ পর্যন্তwww.bodlejaobodledao.com