তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারাসহ অন্তত নয়টি ধারা এতই বিস্তৃত ও কঠোর যে সেগুলোর ব্যাপক অপব্যবহারের মাধ্যমে মানুষের হয়রানির আশঙ্কা প্রকাশ করে পুরো আইনটি পর্যালোচনা, এমনকি বাতিল করার দাবিও নাগরিক সমাজে জোরেশোরে উচ্চারিত হয়েছিল। কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। এখন দেখা যাচ্ছে, আইনটি সত্যিই হয়রানির এক বিরাট হাতিয়ার হয়ে উঠেছে।
শুক্রবার প্রথমআলোয় প্রকাশিত এক প্রতিবেদনে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, গত তিন বছরে সাইবার অপরাধের অভিযোগে মামলা দায়েরের প্রবণতা প্রায় ১৯৬ শতাংশ বেড়েছে। ৯৪ শতাংশ মামলা করা হয়েছে ৫৭ ধারায়, যেখানে জামিন পাওয়ার সুযোগ নেই এবং অভিযোগ প্রমাণিত হলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড ও এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। শুধু তা-ই নয়, অভিযোগ প্রমাণিত হলে ন্যূনতম শাস্তি সাত বছরের কারাদণ্ড। এটা এখন স্পষ্ট যে ৫৭ ধারায় মামলা দায়েরের প্রবণতা এত বেশি হওয়ার প্রধান কারণই হলো এই ধারার অত্যন্ত কঠোর বিধান।
লক্ষণীয় বিষয় হলো, ৫৭ ধারায় করা মামলার ৬৬ শতাংশই আদালতে নিষ্পত্তি হয়েছে আসামিদের খালাসের মাধ্যমে। অর্থাৎ, অধিকাংশ মামলাই করা হয়েছে মিথ্যা অভিযোগে। এমনকি, তদন্ত পর্যায়েই ১৩ শতাংশ মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে। অর্থাৎ, ৫৭ ধারায় মামলা করার এত বিপুল উৎসাহের পেছনে ক্রিয়াশীল রয়েছে প্রতিপক্ষকে হয়রানি করার, হিংসা-বিদ্বেষ চরিতার্থ করার প্রবল ইচ্ছা। যেকোনো আইনের এ ধরনের বিধান সামাজিক সংহতির পক্ষেও ক্ষতিকর।
‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৬’ নামে একটি নতুন আইনের প্রস্তাবিত খসড়া আইন মন্ত্রণালয়ের যাচাই-বাছাইয়ের জন্য অপেক্ষমাণ বলে আমরা জানি। সেটি গৃহীত হলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারাসহ কয়েকটি ধারায় বিচারযোগ্য অভিযোগ নতুন আইনের আওতাভুক্ত হবে বলে শোনা গেছে। কিন্তু ধারাগুলো সংশোধন না করে শুধু এক আইন থেকে অন্য আইনে স্থানান্তর করলে কোনো সুফল মিলবে না। যে আইনের অন্তর্ভুক্তই হোক না কেন, ৫৭ ধারার মতো বিপজ্জনক বিধানগুলো বাতিল করে সাইবার অপরাধের বিচারের জন্য এক বা একাধিক যুক্তিসংগত ও হয়রানির সুযোগমুক্ত ধারা প্রণয়ন করা দরকার। তবে এ মুহূর্তে ৫৭ ধারায় হয়রানিমূলক মামলা দায়েরের প্রবণতা ঠেকানোর উদ্যোগ নেওয়া খুব জরুরি।