সাইবার আইনে প্রথম দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক বিশ্বে বহুকাল আগেই এটা মীমাংসিত যে রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়ার উচ্চ পদে যাঁরাই থাকবেন, তাঁরা জনগণের নিবিড় নিরীক্ষণের মধ্যে থাকবেন। তাঁদের প্রতিটি কর্মকাণ্ড সম্পর্কে জনগণের আগ্রহ থাকাটাও স্বাভাবিক। এ জন্য তাঁদের ব্যক্তিগত গোপনীয়তাও বহুলাংশে উপেক্ষিত হয়। এটি এমনই একটি বিষয়, যা বিভিন্ন দেশে রাজনীতিকেরা মেনে নেন, ক্ষেত্রবিশেষে উপভোগও করেন। তাই সাইবার ট্রাইব্যুনালের প্রথম সাজা হিসেবে এক তরুণের সাত বছরের গুরুদণ্ড প্রদানের ঘটনায় আমরা বিস্মিত এবং গভীরভাবে উদ্বিগ্ন।
বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় ৭ বছর কারাদণ্ডযদিও রায়ের পূর্ণ বিবরণ পাওয়া যায়নি, তবে ২০০৬ সালের তথ্যপ্রযুক্তি আইনের অধীনে তাঁকে দণ্ড দেওয়া হয়েছে। আর এটাই আমাদের উদ্বিগ্ন হওয়ার জন্য যথেষ্ট। কারণ, আমরা মনে করি, এই আইনের ৪৬ এবং ৫৭ ধারা, যেখানে সার্বভৌমত্ব, জনশৃঙ্খলা এবং ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন ও মানহানি ইত্যাদিকে বিপজ্জনক অস্পষ্টতায় দণ্ডনীয় করেছে, সেসব সংবিধানের সঙ্গে স্পষ্ট সংঘাতপূর্ণ। এই দুটি বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটে ২০১০ সালের ২৬ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ কারণ দর্শাতে রুল জারি করেছিলেন। কিন্তু আজও তার শুনানি হয়নি। সরকার রুলের উত্তরও দেয়নি। এ রকম একটি প্রেক্ষাপটে বাক্স্বাধীনতা-সংক্রান্ত একটি মামলায় সাইবার ট্রাইব্যুনালের দণ্ডদান শুরু হওয়া বাক্স্বাধীনতার জন্য অশনিসংকেত।
বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে গান রচনার অভিযোগ প্রমাণিত হয়েছে। কিন্তু ব্যঙ্গ করে গান রচিত হলেই তা সাধারণভাবে দণ্ডযোগ্য হওয়ার নয়। দণ্ডিত ব্যক্তির রচনা সংবিধান নির্দেশিত ‘যুক্তিসংগত বিধিনিষেধের’ সীমা লঙ্ঘন করেছে, সেটা পরিষ্কার হতে হবে। এটা দুঃখজনক যে আদালত প্রশাসন এত বড় একটি জনগুরুত্বসম্পন্ন রায়ের সংক্ষিপ্তসার তাৎক্ষণিক প্রকাশ করেনি। অথচ রায় প্রকাশের পরপরই এ বিষয়ে জনগণকে পরিষ্কার ধারণা দেওয়া সবচেয়ে বেশি দরকারি ছিল। এখন দ্রুত রায় পাওয়া গেলে দণ্ডিত ব্যক্তি দ্রুত আপিলের সুযোগ পাবেন।