একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে আদালত রায়ের পর্যবেক্ষণে জানান, তাঁর বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে হত্যা, ধর্ষণসহ আটটি প্রমাণিত, যার দুটিতে সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আদালত তাঁর পর্যবেক্ষণে আরও জানান, অভিযুক্ত ব্যক্তি আজ দেশবাসীর কাছে যদিও একজন ইসলামি ধর্মবেত্তা হিসেবে পরিচিত, কিন্তু এই আদালত তাঁর সেই পরিচয়ে বিচার করতে বসেননি। বিচার হচ্ছে ৪২ বছর আগে মুক্তিযুদ্ধ চলাকালে তাঁর দ্বারা সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে। রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবীরা ন্যায়বিচার পেয়েছেন বলে জানান। অন্যদিকে বিবাদীপক্ষের আইনজীবীরা বলেছেন, তাঁরা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। সংশ্লিষ্ট সবার মনে রাখা উচিত, অপরাধের বিচার একটি আইনি প্রক্রিয়া। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের অধীনেই যুদ্ধাপরাধের বিচার হচ্ছে, যে আইনটি অতীতে কোনো সরকারই বাতিল করেনি। এখানে বিবাদীপক্ষ আত্মপক্ষ সমর্থনের পুরো সুযোগ পাচ্ছে, আইনটি সংশোধন করার পর বাদী ও বিবাদী উভয় পক্ষ আপিল করতে পারছে।অতএব, আদালতের মাধ্যমেই এ আইনে দায়ের করা সব মামলা যৌক্তিক পরিণতি পাবে—সেটা সবাই আশা করেন। কোনো মামলার রায়ই দুই পক্ষকে খুশি করে না। এক পক্ষ খুশি হলে অন্য পক্ষ সংক্ষুব্ধ হবে। সে ক্ষেত্রে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করাই হচ্ছে বিধান। সাঈদীর ছেলে মাসুদ সাঈদী এবং তাঁর আইনজীবী আবদুর রাজ্জাক উচ্চতর আদালতে আপিল করার কথা বলেছেন। সুতরাং তাঁরা যে প্রতিকারের উপায় বাতলেছেন, সেটাই সঠিক এবং তাঁদের এই সুচিন্তিত সিদ্ধান্তের প্রতি সব পর্যায়ে দলীয় নেতা-কর্মীদের আস্থাশীল থাকাটাই সমীচীন। সেদিক থেকে টানা ৪৮ ঘণ্টার হরতালসহ যেকোনো ধরনের সহিংস কর্মসূচি গ্রহণযোগ্য নয়।দুঃখজনক হলেও আমরা লক্ষ করছি, সাঈদীর মামলার রায়ের পর দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। এসব ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও বিচলিত। এ অবস্থায় সরকারকে বিচক্ষণতার সঙ্গে এবং শক্ত হাতে পরিস্থিতি সামাল দিতে হবে। কারণ, জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব তাদেরই। বিশৃঙ্খলা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেমন কঠোর হতে হবে, তেমনি মানবাধিকারকেও অগ্রাহ্য করা যাবে না। তাদের বাড়াবাড়ির কারণে যাতে পরিস্থিতির অবনতি না হয়, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সরকার, বিরোধী দলসহ সব পক্ষকেই বুঝতে হবে, যে বিচারের সঙ্গে দেশের কোটি কোটি মানুষের আবেগ জড়িত, তাকে দেখতে হবে দলীয় ও সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে। পরিস্থিতি সামাল দিতে এখনই উপযুক্ত ও কার্যকর পদক্ষেপ নিন।