মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড প্রদানের পরপরই দুই দিনের হরতাল ডেকে দলটি আবারও তাদের সহিংস পন্থা অবলম্বন করল। গত বছর আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা-পরবর্তী ৭২ ঘণ্টায় ৭০ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। এবার সে কারণে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে, শাহবাগের গণজাগরণ মঞ্চ আয়োজিত শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের ওপর পুলিশি তাণ্ডব প্রত্যক্ষ করল দেশবাসী।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর পুলিশি নির্যাতন আমাদের বিক্ষুব্ধ করেছে। সরকারের বিরুদ্ধে জামায়াতের সঙ্গে কথিত আঁতাতের যে অভিযোগ উঠেছে, সেটা রাজনৈতিক এবং এই অভিযোগ তাদের রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে। পুলিশি শক্তি দিয়ে মুখ বন্ধের এই অপপ্রয়াস বন্ধ হোক।
আমরা একই সঙ্গে আশা করব, গণজাগরণ মঞ্চ, যঁারা যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে আন্দোলনে আছেন, তঁারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। শহীদ পরিবারসহ বাংলাদেশের নাগরিকেরা অভিযুক্ত সাঈদীর সর্বোচ্চ শাস্তি আশা করেছিলেন এবং তঁার শাস্তি হ্রাসের ঘটনায় তাঁদের হতাশা ব্যক্ত করাও হয়তো অযৌক্তিক নয়। আমরা তাঁদের আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু চূড়ান্ত বিচারে আমাদের সবাইকেই আইনানুগ যথাবিহিত আচরণকেই মেনে নিতে হবে। বিশ্বের অনেক দেশে আমৃত্যু কারাদণ্ডই সর্বোচ্চ শাস্তি বলে গণ্য হয়। কারও দ্বারা এই দণ্ড রহিত হলে জাতি তাকে ক্ষমা করবে না।
জামায়াতি দ্বৈতনীতি নিন্দনীয়। তারা প্রচলিত আইন মেনে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছিল এবং সংখ্যাগরিষ্ঠের রায়ে তারা আংশিক প্রতিকার পেয়েছে। সাঈদীর পরিবার রিভিউ আবেদন করবে বলেও জানিয়েছে। তদুপরি রায়ের প্রতিবাদে দুই দিনে ৪৮ ঘণ্টা নাগরিক জীবনকে স্তব্ধ করানোর কর্মসূচি গ্রহণযোগ্য নয়। এটা জামায়াতের রাজনৈতিক অধিকারও নয়; বরং এটা ফৌজদারি অপরাধমূলক এবং শাস্তিযোগ্য।