সাকা ও মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার পৃথক আবেদন খারিজ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশের সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতির প্রেক্ষাপটে বহু প্রতীক্ষিত এই বিচার-প্রক্রিয়ার শেষ পর্বের আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আর এটা যাতে তারা আইনানুগভাবেই শেষ করতে পারে, সে জন্য দেশের রাজনৈতিক দলগুলোর উচিত হবে সরকারকে সহযোগিতা করা। আইনের শাসনের শর্ত ন্যায়পরায়ণতার সঙ্গে পূরণ করতে পারা রাষ্ট্র ও নাগরিক জীবনের জন্য অতীব কল্যাণকর।
এটা উদ্বেগজনক যে রাজনৈতিকভাবে বহুল আলোচিত এই দুটি মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সময়ে বাংলাদেশ নতুন করে জঙ্গিবাদ ও সন্ত্রাসের শিকার হয়েছে। দুই বিদেশি নাগরিককে হত্যার মধ্য দিয়ে সম্প্রতি যে সন্ত্রাসী তৎপরতা শুরু হয়েছিল, দৃশ্যত গতকাল যেন তারই ধারাবাহিকতায় দিনাজপুরে আরেক ইতালীয় নাগরিকের ওপর দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটল। সার্বিকভাবে জাতীয় নিরাপত্তা পরিস্থিতির ওপর একটা চাপ সৃষ্টি হয়েছে।
জামায়াতে ইসলামী আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার প্রতিবাদে হরতাল ডেকেছে। মুজাহিদের ছেলে তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, আইনজীবীরা তাঁর বাবার পক্ষে যেভাবে আইনি লড়াই চালিয়েছেন, তাতে তিনি সন্তুষ্ট। এটা প্রমাণ করে যে বিচার-প্রক্রিয়ায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তাই রায়ের প্রতিবাদ জানাতে জামায়াতের হরতাল ডাকার কোনো যুক্তি নেই, এটা গণতান্ত্রিক অধিকারের সঠিক ব্যবহার নয়। এই হরতালকেন্দ্রিক সহিংসতায় জানমালের ক্ষতি হলে তার দায় তারা এড়াতে পারবে না। যদিও এ ধরনের অযৌক্তিক হরতালে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণ ও সে জন্য ক্ষতিপূরণ আদায়ের বাস্তবতা দেশে এখনো সৃষ্টি হয়নি।
আমরা আশা করব, সরকার কেবল আইনের শাসনের শর্তে অপশক্তির যেকোনো অশুভ প্রয়াস নস্যাৎ করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে এই বিচারের যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষমতার পরিচয় দেবে।

আরও পড়ুন: