দেশের সর্বোচ্চ আদালত থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল থাকার রায় ঘোষণা হয়েছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার কার্যক্রমের পঞ্চম আপিল মামলার এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেই আমরা মনে করি। কিন্তু রায়ের পর বিএনপি যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা স্ববিরোধী ও দুর্ভাগ্যজনক। দলের মুখপাত্র একদিকে বলেছেন, তঁারা যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে নন, অন্যদিকে সর্বোচ্চ আদালতের রায়ে তাঁদের ক্ষুব্ধ, মর্মাহত ও বিস্মিত হওয়ার ঘটনা দেশবাসীকেই বিস্মিত করেছে।
যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে বিএনপি গোড়া থেকেই একটি অস্পষ্ট ও পলায়নপর মনোবৃত্তি দেখিয়ে এসেছে। বিচার বন্ধে কোনো প্রকাশ্য তৎপরতা তারা চালায়নি বটে, কিন্তু আইনের শাসনের শর্তে যুদ্ধাপরাধের বিচারের প্রয়োজনীয়তা এবং তার প্রতি তাদের নৈতিক সমর্থনে বিএনপি বিশ্বাসযোগ্য অবস্থান তুলে ধরতে ব্যর্থ হয়েছে।
বিএনপি যে ব্যক্তির পক্ষে সাফাই গাইছে, সেই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য দেশবাসীর অজানা নয়। যুদ্ধাপরাধ ছাড়াও তিনি এমন অনেক কর্মকাণ্ড করেছেন, যা নৈতিকতার পরিপন্থী। তাঁর ঔদ্ধত্যপূর্ণ আচরণ অনেক সময় বিএনপিকেও বিব্রতকর অবস্থায় ফেলেছে। তা ছাড়া তিনি শুরু থেকেই যেভাবে বিচারপ্রক্রিয়াকে হেয়প্রতিপন্ন ও বাধাগ্রস্ত করার অপপ্রয়াস চালিয়েছেন, তাতে আইনের প্রতি তাঁর অবজ্ঞা ও অসূয়াই প্রতিফলিত হয়েছে। এই দায় থেকে তাঁর পরিবারের সদস্যরাও মুক্ত নন।
গতকাল সর্বোচ্চ আদালত সালাউদ্দিনের ফাঁসির দণ্ডাদেশ বহাল রেখেছেন। এতে প্রমাণিত হয়েছে যে তাঁর রক্তচক্ষু ও আস্ফালনের চেয়ে আইনের হাত অনেক বেশি শক্তিশালী। তাঁর আইনজীবী রিভিউ করার কথা জানিয়েছেন। সেটি তাঁদের আইনি অধিকার। কিন্তু তিনি ‘এত অপরাধ করলে সালাউদ্দিন কাদের বিপুল ভোটে বারবার নির্বাচিত হতেন না’ বলে যে যুক্তি দেখিয়েছেন, তা ধোপে টেকে না। তাঁর বিচার হয়েছে একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে, স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার কারণে নয়। সামগ্রিক বিবেচনায় সুপ্রিম কোর্টের এই রায় একটি দৃষ্টান্ত হিসেবেই থাকবে।