সাক্ষরতায় ইউএনওর প্রশংসনীয় উদ্যোগ

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিহীন পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়া এ সরকারের অন্যতম অঙ্গীকার। মুজিব বর্ষ উপলক্ষে লক্ষাধিক পরিবারকে গোটা দেশে ঘর করে দেওয়া হয়েছে। সেই প্রকল্প নিয়ে বেশ কিছু জায়গায় আমরা অনিয়ম দেখতে পাই। দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

কিন্তু আশ্রয়ণ প্রকল্পকে ঘিরে আমরা ইতিবাচক খবরও পাই। যে খবর আমাদের আশান্বিত করে, উজ্জীবিত করে। যেমন পিরোজপুরের কাউখালী উপজেলার ছোট বিড়ালঝুড়ি আশ্রয়ণ প্রকল্পের নিরক্ষর মানুষকে অক্ষরজ্ঞানসম্পন্ন করে তুলতে দারুণ এক উদ্যোগ নিয়েছেন সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. খালেদা খাতুন। তিনি সেখানে একটি নৈশ স্কুল গড়ে তুলেছেন। নিয়মিত কর্মব্যস্ততার বাইরে তিনি এ কার্যক্রম শুরু করেছেন।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, কাউখালী উপজেলার ছোট বিড়ালঝুড়ি আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই হয়েছে ১০৯টি ভূমিহীন পরিবারের। ঘর হস্তান্তরের সময় খালেদা খাতুন জানতে পারেন, এসব পরিবারের বেশির ভাগ সদস্য নিরক্ষর। তখন সেখানে সাক্ষরতার হার বাড়ানোর প্রতি তিনি মনোযোগী হন।

প্রতিষ্ঠা করেন নৈশ স্কুলটি। সেখানে সপ্তাহে পাঁচ দিন ধরে নারী ও পুরুষ, শিশু, বয়স্কনির্বিশেষে সবাইকে সাক্ষরতার জ্ঞান দেওয়া হয়। নৈশ স্কুলটি থেকে পাঠ নিয়ে অনেকে এখন নিজের নাম লেখা শিখেছেন। কেউ কেউ বর্ণমালার সঙ্গে পরিচিত হয়েছেন, কেউ লিখতে পারছেন, পড়তেও পারছেন।

একজন নিরক্ষর মানুষের জন্য এর জন্য আনন্দময় ঘটনা আর কী হতে পারে। পঞ্চাশোর্ধ্ব এক নারী বলছেন, ‘শুরু থেকে এখন পর্যন্ত নিয়মিত ক্লাসে আসছি। নাম লিখতে শিখেছি। এখন বানান করে লেখা পড়তে পারি। শৈশবে পড়াশোনা করার সুযোগ পাইনি। আবাসনে আসার পর পড়াশোনার সুযোগ পাওয়ায় আমি খুশি।’

সপ্তাহে পাঁচ দিন নৈশ স্কুলটিতে পাঠ দেওয়া হয়। মো. আহসান কবির নামের একজন কর্মজীবী যুবক অবৈতনিক শিক্ষক হিসেবে সেই কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে। তিনি পল্লী সঞ্চয় ব্যাংকের একজন মাঠকর্মী। অফিস শেষ করে সপ্তাহের পাঁচ দিন সন্ধ্যাবেলায় নিরক্ষর মানুষকে পড়াশোনা করাতে চলে আসেন।

মানুষের প্রতি আহসান কবিরের ভালোবাসা, সমাজের প্রতি তাঁর দায়িত্ববোধ আমাদের মুগ্ধ করে। নৈশ স্কুলটিতে শুধু পড়াশোনাই হয় না, পারিবারিক, সামাজিক, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য, আক্ষরিক জ্ঞান এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনাও করা হয়।

যেহেতু অনেক মানুষ সেখানে নিয়মিত উপস্থিত হন, তাঁদের নানা বিষয়ে সচেতন করে তোলা যায়। এতগুলো মানুষের মধ্যে সাক্ষরতার আলো ছড়ানোর জন্য ইউএনও খালেদা খাতুনকে আমরা সাধুবাদ জানাই। তাঁর এমন উদ্যোগ দেশের অন্য আশ্রয়ণ প্রকল্পগুলোতেও ছড়িয়ে পড়ুক।