সাগর-রুনি হত্যা নিয়ে টালবাহানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন যায় কথা থাকে। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীদের বেলায় সেই কথা খাটে না। তাঁরা কথা রাখেন না। সাংবাদিক দম্পতি সাগর-রুনির নৃশংস হত্যাকাণ্ডের প্রথম বছর পেরোল ১১ মার্চ। কিন্তু এখনো এই হত্যাকাণ্ডের বিচার তো দূরের কথা, রহস্যের কূলকিনারা হয়নি। এই ব্যর্থতা সরকার ঢাকবে কী দিয়ে?সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে সাগর-রুনির খুনিদের গ্রেপ্তারের কথা বলেছিলেন। এরপর কত দিন-রাত-মাস পেরোল, তিনি কথা রাখেননি। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরও দফায় দফায় প্রতিশ্রুতি দিয়েছেন, তদন্তের অগ্রগতি হচ্ছে বলে ঢাকঢোল পিটিয়েছেন। কিন্তু দেশবাসী যে তিমিরে ছিল, সেই তিমিরেই আছে। সুড়ঙ্গের শেষে আলোর রেখা মেলেনি। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রক্ষিত হয়নি। সাংবাদিক সমাজ না-হয় বাদই গেল, সাগর-রুনির সন্তান মেঘের কাছেই বা তাঁরা কী জবাব দেবেন? বাবা-মা হত্যার বিচারের বাণী কি তার শিশুমনে কেবল গুমরেই কাঁদতে থাকবে?হত্যার আলামত কম ছিল না, ডিএনএ পরীক্ষাও তো হয়ে গেছে; তার পরও কেন আসামিদের চিহ্নিত করা যাচ্ছে না? এই শুভংকরের ফাঁকির সুবাদেই ইত্যবসরে অজস্র গুজব ডালপালা মেলেছে। এই অভিযোগও উঠেছে, হত্যাকারীরা অনেক ক্ষমতাবান হওয়ায় তাদের ছাড় দিচ্ছে প্রশাসন! এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকেও খুনিদের বদলে সাগর-রুনির ব্যক্তিগত জীবনকেই দায়ী করার মতো দায়িত্বহীন কথাবার্তাও আমরা শুনেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাগর-রুনি হত্যার তদন্তকাজ কবে শেষ হবে, সে ব্যাপারে সুস্পষ্ট কথা বলতে হবে। তদন্ত নিয়ে কেন এত রহস্য, কেন এত দীর্ঘসূত্রতা, তার জবাবদিহিও করতে হবে। একের পর এক খুনের ঘটনা ঘটবে কিন্তু তার বিহিত হবে না, এটা কেমন কথা? এ রকম অবস্থা জারি আছে বলেই খুনিরা লাগামছাড়া হচ্ছে এবং একের পর এক খুনের ঘটনা ঘটতে পারছে। প্রতিটি হত্যার সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার ছাড়া বাংলাদেশে জীবনের অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারবে না।