সাগর-রুনি হত্যার পাঁচ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক-দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের রহস্যময়তা বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিরাট ব্যর্থতার নজির। এই ব্যর্থতা বিস্ময়কর; কারণ, একটা হত্যাকাণ্ডের তদন্তকাজ দীর্ঘ পাঁচ বছরেও শেষ করা যাচ্ছে না—এটা অস্বাভাবিক এবং অবিশ্বাস্য।
এ হত্যাকাণ্ডের তদন্তভার পেয়েছিল শেরেবাংলা নগর থানার পুলিশ, তারপর সে দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে (ডিবি)। দুই মাসের মাথায় ডিবি হাল ছেড়ে দেয়; খোদ আদালতের সামনে ব্যর্থতা স্বীকার করে। তারপর আদালত তদন্তের নির্দেশ দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবকে, যা একটা চৌকস ও পারঙ্গম বাহিনী বলে পরিচিত। সেই র্যাবের তদন্তও কোনোভাবেই শেষ হচ্ছে না। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংস্থাটি আদালতের কাছে সময় চায় ৪৬ বার, আদালত প্রতিবারই সময় মঞ্জুর করেছেন। কিন্তু তারপরও র্যাব তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে পারেনি। গত বুধবার আদালত তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২১ মার্চ নির্ধারণ করে দিয়েছেন। ওই তারিখেও প্রতিবেদন জমা পড়বে কি না বলা কঠিন।
কারণ, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে সরকারের পক্ষ থেকে অনেক বড় বড় প্রতিশ্রুতি উচ্চারণ সত্ত্বেও মামলাটি বস্তুত থেমে রয়েছে। সংশ্লিষ্ট র্যাব কর্মকর্তারা আগে বলতেন, মামলার কিছু আলামত ফরেনসিক পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, সেসব পরীক্ষার প্রতিবেদন তাঁদের হাতে আসার পর হত্যারহস্য উদ্ঘাটিত হবে। কিন্তু সেসব প্রতিবেদন তাঁরা হাতে পাওয়ার পরেও রহস্য উদ্ঘাটিত হয়নি। দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টিকারী এই হত্যাকাণ্ড নিয়ে জটিল রহস্য যেন অদৃশ্য কোনো হাতের কারসাজি।
নিহত সাগর সরওয়ারের মা প্রথম আলোর কাছে হতাশা ব্যক্ত করে বলেছেন, ‘তদন্তকারীদের ওপর আমার আর কোনো ভরসা নেই। এখন ভরসা শুধু ওপরওয়ালার ওপর।’ সন্তান হত্যার বিচারপ্রার্থী একজন বয়স্ক নাগরিকের এমন হতাশাময় উপলব্ধি আমাদের আইন প্রয়োগ ব্যবস্থা, সরকার ও খোদ রাষ্ট্রকেই বিবেকের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে। সাগর ও রুনির একমাত্র সন্তান মেঘের বয়স এখন ১১ বছর। ও বড় হচ্ছে। আমরা যদি ওর মা-বাবার হত্যার বিচার করতে না পারি, কী জবাব দেব ওকে?
এই হত্যারহস্য অমীমাংসিত রাখার কোনো সুযোগ নেই; কালক্ষেপণের মাধ্যমে জাতির স্মৃতি থেকে ওই সাংবাদিক দম্পতির স্মৃতি মুছে ফেলার সম্ভাব্য দুরভিসন্ধিও নিষ্ফল হবে। এ হত্যাকাণ্ডের বিচার অবশ্যই করতে হবে।