ঘটনাটি করুণ, মর্মান্তিক ও হতাশাজনক। সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার পথে ট্রলারডুবিতে ৮২ জন নিখোঁজ, উদ্ধার হয়েছেন ২৮ জন। নিখোঁজ ব্যক্তিদের পরিণতি কী হয়েছে, তা জানা না গেলেও অনুমান করা কঠিন নয়। ভাগ্যবদলের আশায় বিদেশে যাওয়ার চেষ্টায় বারবার এমন মর্মান্তিক প্রাণহানির ব্যাপারে সরকারের নিশ্চয়ই করণীয় আছে। অবৈধভাবে মালয়েশিয়া বা থাইল্যান্ডে যাওয়ার পথে সমুদ্রে ডুবে গিয়ে মানুষের প্রাণ হারানোর ঘটনা প্রায়শই ঘটছে। গত সেপ্টেম্বর মাসেও ১২৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যায়; এখন পর্যন্ত ১২২ জন নিখোঁজ। এবার সরকারিভাবে ৮২ জনকে নিখোঁজ বলা হলেও, কার্যত এঁদের অনেকেই আর ফিরে আসবেন না। তাঁদের পরিণতিও হয়তো তাঁদের পরিবারের পক্ষে জানা সম্ভব হবে না। এ ঘটনায় কেবল সক্ষম একদল মানুষই ‘নিখোঁজ’ হলেন, তা-ই নয়, অনেক পরিবার হারাল তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, স্বজনকে। ৪০ জন ধারণক্ষমতার কাঠের ট্রলারটিতে দালালেরা তুলেছিলেন ১১০ জন যাত্রী। যাত্রীরা আপত্তি করলেও তাঁরা নিরস্ত হননি। এ ধরনের ট্রলার আসলে মাঝারি মাপের কাঠের নৌকা, ইঞ্জিন লাগানোর পর এর নাম হয় ট্রলার। এসব নৌকা সমুদ্রের উপযোগী তো নয়ই, দূরযাত্রা আরও বিপজ্জনক। জেনেশুনেও দরিদ্র ভাগ্যসন্ধানীরা দালালদের টাকা দিয়ে এসব নৌকায় করে বিদেশে পাড়ি জমান দারিদ্র্য থেকে মুক্তির আশায়। এমনকি যে মাঝিরা এসব ট্রলার চালান, তাঁরাও দরিদ্র বিধায় বাড়তি আয়ের জন্য বাড়তি ঝুঁকি নেন। বাংলাদেশি এসব দরিদ্র ভাগ্যসন্ধানীর সঙ্গে যোগ দিয়েছে মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গারা। মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের ঘটনা ঘটলেই তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করে, তাতে ব্যর্থ হয়ে অনেকে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করে। বাংলাদেশিই হোক, আর রোহিঙ্গাই হোক; এ ধরনের বিপজ্জনক ও অবৈধ অভিবাসন বন্ধ করার বিষয়ে বাংলাদেশ সরকারের করণীয় রয়েছে। উপকূলীয় কোস্টগার্ডের প্রহরা জোরদার হলে এ ধরনের অভিযান গোড়াতেই আটকে দেওয়া যায়। দ্বিতীয়ত, দালাল চক্রকে প্রতিহত করতে হবে। তৃতীয়ত, যে দারিদ্র্য এই বিপত্তির কারণ, তা নির্মূলে সমন্বিত আর্থসামাজিক ব্যবস্থা নিতে হবে। ভাগ্যান্নেষণে এমন ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা বন্ধে স্থায়ী উদ্যোগ নেওয়া এখনই প্রয়োজন।