দাবি আদায়ের জন্য কিছুদিন পরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের রাস্তায় নামতে হচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। সরকারের একটি অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হবে কিংবা তাঁরা সেশনজটের শিকার হবেন, তা মেনে নেওয়া যায় না। শিক্ষাবিদদের মতে, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রশি-টানাটানির মধ্যে পড়ে সাত কলেজের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর দায় কে নেবে?
যে দেশ পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দেখতে অভ্যস্ত, সে দেশে সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশের দাবিতে তাদের মাঠে নামাকে আমরা সাধুবাদ জানাই। তবে শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে, এ ধরনের আন্দোলনে যেন জনগণের দুর্ভোগ না বাড়ে। দুই দিনের সড়ক অবরোধে নীলক্ষেত এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এ জন্য শিক্ষার্থীরা দুঃখও প্রকাশ করেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করেছে বলে মনে হয় না। প্রতিবার তাঁরা সমস্যা সমাধানের আশ্বাস দিলেও সেসব কার্যকর হয় না। তাই এবার শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন, ২৮ এপ্রিলের মধ্যে তাঁদের পাঁচ দফা না মানলে বৃহত্তর আন্দোলনে নামবেন। গত বছর আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ নিলেও শিক্ষার্থীদের সমস্যার সুরাহা হয়নি। তাঁদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে সময়মতো পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশ করা, যে পরীক্ষায় গণহারে অকৃতকার্য করানো হয়েছে, সেই পরীক্ষার উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা ও শিক্ষা বর্ষপঞ্জি তৈরি করা। এসব দাবির কোনোটাই অযৌক্তিক নয়। আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, সাত কলেজের জন্য শিগগিরই আলাদা সেল খোলা হবে।
২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব ব্যবস্থাপনা, তাতে এই সাত কলেজ ছিল না। অনেকটা তাদের ওপর দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত কতটা যৌক্তিক হয়েছে, সেসব নিয়ে আমরা বিতর্ক করতে পারি। কিন্তু সরকার কলেজগুলোর বিষয়ে যে সিদ্ধান্তই নিক না কেন, তার জন্য শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন না। এ প্রেক্ষাপটে ২০১৭ সালের ২০ জুলাই ফল প্রকাশ ও পরীক্ষা নেওয়ার দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের সমাবেশে পুলিশের কাঁদানে গ্যাসের শেলে সিদ্দিকুর রহমান নামের তিতুমীর কলেজের এক শিক্ষার্থী চোখ হারান। সরকার সিদ্দিকুর রহমানের জন্য একটি চাকরির ব্যবস্থা করলেও সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা সমস্যা সমাধানের জন্য ২৮ এপ্রিল চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। ওই তারিখের মধ্যে সমস্যার সমাধান না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানিয়ে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন সাত কলেজের অন্তর্ভুক্তি মেনে নিয়েছে, তখন সমস্যারও তাদের সমাধান করতে হবে। সময়মতো পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশ তাদের কর্তব্য। কর্তৃপক্ষের গাফিলতির জন্য শিক্ষার্থীদের বারবার আন্দোলনে নামতে হচ্ছে। এটি নিশ্চয়ই কর্তৃপক্ষের অজানা নয় যে অন্যান্য কলেজের সঙ্গে সময়সূচি মিলিয়ে সাত কলেজের পরীক্ষা ও ফল প্রকাশ করা না হলে এসব কলেজের শিক্ষার্থীরা পিছিয়ে পড়বেন। সমস্যাটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নয়। সমস্যাটি শিক্ষা ও শিক্ষার্থীদের সম্পর্কে সরকারের সার্বিক দৃষ্টিভঙ্গিরও।
সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হওয়ায় খুশি হয়েছিলেন। কিন্তু সেই খুশি বিষাদে পরিণত হোক, তা কারোরই কাম্য হতে পারে না। দেরিতে হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চৈতন্যোদয় হোক। অবিলম্বে সাত কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক।