নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা নিয়ে অপেক্ষার একটি পর্যায় শেষ হয়েছে। গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এই মামলার রায় ঘোষণা করেছেন। ঠান্ডা মাথায় ও নৃশংস কায়দায় সাতজনকে খুন করার ঘটনায় আদালত ২৬ জনকে মৃত্যুদণ্ড ও আরও নয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। এই খুনের ঘটনায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের সরাসরি জড়িত থাকার অভিযোগ ওঠায় শুরু থেকেই এই মামলার ভবিষ্যৎ নিয়ে জনমনে সংশয় ও সন্দেহ দেখা দিয়েছিল। মামলার রায় সেই সংশয় দূর করেছে।
একই সঙ্গে সাতজনকে খুন করে লাশ যে কায়দায় নদীতে ফেলে দেওয়া হয়েছিল, সে খবরে দেশবাসী যেমন শিউরে উঠেছিল, তেমনি পরে এই নৃশংস ঘটনার সঙ্গে র্যা বের একটি ইউনিটের প্রায় সব সদস্যের যুক্ততার অভিযোগ সবাইকে হতবাক করেছে। অন্যদিকে ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে নাম আসে স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেনের। সবকিছু মিলিয়ে এই খুনের ঘটনাটি একটি চরম সংবেদনশীল ও আলোচিত বিষয়ে পরিণত হয়। এর পরিণতি শেষ পর্যন্ত কী হয়, তা দেখতে দেশবাসী গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল। এই রায় নিঃসন্দেহে জনগণকে স্বস্তি দিয়েছে।
আদালত মূল পরিকল্পনাকারী স্থানীয় আওয়ামী লীগ নেতা (পরে বহিষ্কৃত) নূর হোসেন ও র্যা ব–১১–এর সাবেক অধিনায়ক তারেক সাঈদসহ চার্জশিটে অভিযুক্ত ৩৫ জনের মধ্যে ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ১৭ জনই র্যা বের সাবেক সদস্য। নারায়ণগঞ্জের এই সাত খুনের মামলার রায়কে সব বিবেচনাতেই একটি গুরুত্বপূর্ণ রায় হিসেবে বিবেচনা করতে হবে।
সাত খুনের ঘটনায় নিহত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী মামলার এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি এই রায়ের দ্রুত বাস্তবায়ন দেখতে চেয়েছেন। একই ঘটনায় নিহত আইনজীবী চন্দন সরকারসহ বাকি ছয়জনের পরিবারের চাওয়াও নিশ্চয়ই তা–ই। নিম্ন আদালতের তরফে দেওয়া এই ফাঁসির রায় হাইকোর্টে অনুমোদিত না হওয়া পর্যন্ত কার্যকর হবে না।
বিচারিক আদালতের রায় নথিসহ হাইকোর্টে আসার পর এ মামলার শুনানি দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়ার বিষয়টি তাই জরুরি। রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল সেই আশ্বাস দিয়েছেন। আমরা আশা করব, নিম্ন আদালতে যে রায় ঘোষণা করা হয়েছে, তা নিষ্পত্তিতে আর খুব বেশি সময় লাগবে না এবং হতভাগ্য পরিবারগুলোর ন্যায়বিচার পাওয়ার দীর্ঘ প্রতীক্ষার দ্রুতই অবসান ঘটবে। একই সঙ্গে প্রশাসন ও রাষ্ট্রব্যবস্থায় কীভাবে ক্ষমতাসীন দলের একজন স্থানীয় নেতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিটের অশুভ আঁতাত গড়ে উঠেছিল, সেই বিষয়টিও তলিয়ে দেখা দরকার। সমস্যার গোড়ায় যেতে না পারলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এ ধরনের মাফিয়া চক্র গড়ে ওঠার সম্ভাবনা থেকেই যাবে।