সাত খুনের অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রোমহর্ষক সাত খুনের দুটি মামলার অভিযোগ পেশ করতে কেন প্রায় এক বছর সময় লেগে গেল—এই প্রশ্ন যুক্তিসংগত। এই বিলম্বের সঙ্গে কি এমন সংশয়ের সংযোগ আছে যে, এই নজিরবিহীন অপরাধকর্ম, যার সঙ্গে রাষ্ট্রের এলিট বাহিনী র্যাবের প্রায় দু্ই ডজন সদস্যের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, তার বিচার নিয়ে গড়িমসির প্রবণতা ক্রিয়াশীল রয়েছে?
কিন্তু মনে রাখা দরকার, এই নৃশংস অপরাধকর্মের যথাযথ বিচার ও অপরাধীদের আইনানুগ শাস্তি নিশ্চিত করতে হবে শুধু খুন হয়ে যাওয়া মানুষগুলো ও তাদের স্বজনদের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার প্রতিষ্ঠার স্বার্থেই নয়, এটা একই সঙ্গে বাংলাদেশের আইন প্রয়োগব্যবস্থার জন্য এক বিরাট চ্যালেঞ্জও বটে।
র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা ও নূর হোসেনসহ আসামি ৩৫সাত খুনের মূল হোতা হিসেবে অভিযুক্ত নূর হোসেন ভারতে পালিয়ে গিয়ে সেখানে কারাবন্দী আছেন। তাঁর প্রভাব-পতিপত্তির কথা সুবিদিত। কিন্তু ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে তাঁর প্রভাব-প্রতিপত্তিকে অকার্যকর প্রমাণ করতে হবে। সরকার কেন এত দিনেও সেই উদ্যোগ নেয়নি, তা বড় প্রশ্ন। ভারত ও বাংলাদেশের মধ্যে এখন বন্দী প্রত্যর্পণের আইনি ব্যবস্থা আছে এবং উভয় সরকার ইতিমধ্যে একাধিক অপরাধীকে পরস্পরের কাছে হস্তান্তর করেছে। নূর হোসেনকেও ফিরিয়ে আনার জন্য সরকারকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অজুহাত বা গড়িমসি সরকারের সদিচ্ছার অভাব হিসেবে বিবেচিত হবে।
নূর হোসেন ছাড়াও এ মামলার অন্য আসামিদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিরা আছেন। তাঁরাও যে আইনের ঊর্ধ্বে নন, ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তা প্রমাণ করতে হবে। তাঁদের শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে সুশৃঙ্খল বাহিনী হিসেবে
র্যাবের মর্যাদাও পুনরুদ্ধার হতে পারে। অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাঁদের অপরাধ প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষকে সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে মামলা লড়তে হবে। সাক্ষীরা যাতে নির্ভয়ে ও নিরাপদে সাক্ষ্য দিতে পারেন, সেটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
রোমহর্ষক সাত খুনের সঙ্গে জড়িত সব আসামির সুষ্ঠু বিচার ও শাস্তি দেখার জন্য দেশবাসী অপেক্ষায় আছে।