সাত খুনের তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৭ এপ্রিল সংঘটিত নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার নেতৃত্বাধীন কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও ইতিমধ্যে সাড়ে তিন মাসেরও অধিক সময় পার হয়ে গেছে। প্রতিবারই তারা আদালতের কাছে সময় বাড়িয়ে নিচ্ছে।
পত্রিকার খবর অনুযায়ী, কমিটি ইতিমধ্যে সাড়ে ৩০০ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। আর কতজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা অপহরণ ও খুনের রহস্য উদ্ঘাটন করতে পারবে, সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জানানো হয়েছে, কমিটি আজ ১০ আগস্ট ও কাল ১১ আগস্ট নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে কথা বলবে।
সত্য উদ্ঘাটনের স্বার্থে তারা যেকোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে বা জিজ্ঞাসাবাদ করতে পারে। সাত খুনের পরপরই মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে শামীম ওসমানের অডিও টেপ প্রকাশিত হয়েছে, যাতে তিনি ওই আসামিকে পাসপোর্টে সিল আছে কি না জানতে চেয়েছেন। সে সময়ে শামীম ওসমানকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না জানতে চাইলে কমিটির প্রধান বলেছিলেন, সময়মতো জানতে পারবেন। এখন তারা সাংসদ ও সিটি মেয়র দুজনের সঙ্গেই কথা বলতে চাইছে। নারায়ণগঞ্জের রাজনৈতিক বাস্তবতায় এটিও কি ভারসাম্য রক্ষার প্রয়াস?
কমিটি যাদেরই প্রয়োজন মনে করবে জিজ্ঞাসাবাদ করতে পারে। এ ব্যাপারে কারোরই আপত্তি থাকার কথা নয়। তাই বলে তারা তদন্তের নামে অনন্ত সময় পার করতে পারে না। যেখানে সাত খুনের সঙ্গে জড়িত ব্যক্তিরা অপরাধের দায় স্বীকার করছেন, সেখানে কমিটির তদন্ত প্রতিবেদন দিতে অযথা সময়ক্ষেপণ করার যুক্তি নেই।
অতএব, কমিটির কর্তব্য হবে অবিলম্বে তাদের উদ্ঘাটিত তথ্য জনগণকে জানানো। আর সরকারের দায়িত্ব হলো কলকাতার কারাগারে বন্দী মামলার প্রধান আসামিকে দেশে ফিরিয়ে এনে যত দ্রুত সম্ভব বিচারকাজ শুরু করা।