নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনা হয়েছে—এতে খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের স্বস্তি পাওয়ার কথা। কিন্তু খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের মধ্যে নিরাপত্তাহীনতার ভয় দেখা দিয়েছে বলে তাঁরা সংবাদমাধ্যমকে বলেছেন। বিষয়টি সরকারের আমলে নেওয়া উচিত।
খুনের শিকার কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী ও মামলার বাদী সেলিনা ইসলাম (বিউটি) প্রথম আলোকে বলেছেন, ‘এমনিতেই আমাদের লোকজনকে মারধর, হুমকি-ধমকিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। নূর হোসেন ফিরে আসায় তারা আরও বেপরোয়া হবে।’ আর নজরুলের ছোট ভাই আবদুস সালাম বলেছেন, ‘নূর হোসেন ফিরে আসায় আমরা আতঙ্কে আছি। নূর হোসেন কারাগারের ভেতরে থেকেই তাঁর সহযোগীদের দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করবেন।’
নূর হোসেন আতঙ্কে নিহতের স্বজনেরাএটা সুবিদিত যে নূর হোসেন অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি। তাঁর লোকজন এখনো আগের মতোই মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ আরও কিছু অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে বলে অভিযোগ আছে। এ ধরনের ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা চালানোর ক্ষেত্রে নানা রকমের ঝুঁকি বাদীপক্ষ অনুভব করতে পারে। এখন সরকারের দায়িত্ব, নিহত ব্যক্তিদের স্বজনদের যথাসম্ভব নিরাপত্তা নিশ্চিত করা। হত্যা মামলার অভিযোগপত্রের অন্তর্ভুক্ত ১২ জন আসামি এখনো পলাতক রয়েছেন, তাঁদের দিক থেকেও ঝুঁকির বিষয়টি অমূলক নয়। নজরুল ইসলামের স্ত্রী বলেছেন, সাত খুনের ঘটনার পরে উচ্চ আদালতের নির্দেশে তাঁর নিরাপত্তার জন্য পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এখন তা আর নেই। নূর হোসেন ফিরে আসায় তিনি আবারও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
খুনের শিকার ব্যক্তিদের স্বজনেরা নিরাপদে মামলা লড়তে পারবেন এবং ন্যায়বিচার পাবেন—এটাই প্রত্যাশিত। উপরন্তু নারায়ণগঞ্জের সাত খুনের এই নৃশংস ঘটনায় দেশজুড়ে যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে, তাতে এই মামলাগুলো সুষ্ঠু ও দক্ষভাবে পরিচালনা করার মধ্য দিয়ে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা সরকারের জন্য একটা বিশেষ চ্যালেঞ্জ। এর মধ্য দিয়ে আইনের শাসনের প্রতি সরকারের আন্তরিকতা প্রমাণিত হবে।