নারায়ণগঞ্জে সাত ব্যক্তির অপহরণ-খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার পক্ষে দেশজুড়ে যে প্রবল জনমত, এর তুলনায় এ মামলার অগ্রগতি হতাশাব্যঞ্জক। হত্যাকাণ্ডের পর তিন মাস পেরিয়ে গেছে, কিন্তু এখনো এ মামলার অভিযোগপত্রই দাখিল করা হয়নি। শিগগিরই যে হবে, এমন সম্ভাবনার খবরও পাওয়া যাচ্ছে না।
মামলাটির তদন্ত করছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। তদন্ত–প্রক্রিয়া তদারকির জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আদেশ দিয়েছিলেন আদালত। সিআইডির অভিযোগ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ এ ব্যাপারে তাদের সহযোগিতা করছে না। এমনকি র্যাবের গ্রেপ্তারকৃত তিন সদস্য যেসব স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, নারায়ণগঞ্জ পুলিশ সিআইডিকে সেগুলো দেখতে পর্যন্ত দেয়নি। পুলিশের এমন আচরণের তাৎপর্য কী?
পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ঘটনায় জড়িত বা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, এমন আরও ২৩ জন র্যাব সদস্যকে তারা প্রাথমিকভাবে চিহ্নিত করেছে।এই সর্বশেষ অগ্রগতির সঙ্গে তাদের দাবি এই যে, তদন্তের যথেষ্ট অগ্রগতি হয়েছে। কিন্তু যে পর্যন্ত অগ্রগতির খবর জানা গেছে, তারপর পেরিয়েছে দীর্ঘ সময়। একটা পর্যায়ে তদন্ত–প্রক্রিয়া থেমে গেছে, কিংবা খুবই ধীরগতিতে চলছে।অভিযোগপত্র প্রস্তুত ও দাখিলের ব্যাপারে পুলিশ মামলার মূল আসামি ভারতের কারাগারে আটক নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা পর্যন্ত অপেক্ষা করবে বলে তারা বলছে। কিন্তু নূর হোসেনকে কবে ফিরিয়ে আনা হবে, এ ব্যাপারে সরকারের তাগিদ ও প্রচেষ্টা কতটা জোরালো, তা পরিষ্কার নয়। অবস্থাদৃষ্টে এটা মনে হওয়া স্বাভাবিক যে, মামলাটির ব্যাপারে সরকার ধীরে চলার নীতি গ্রহণ করেছে।
কিন্তু হওয়া উচিত ঠিক এর উল্টোটাই: যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে সাক্ষ্য–প্রমাণসমৃদ্ধ একটি শক্তিশালী অভিযোগপত্র দাখিল করা এবং বিশেষ গুরুত্ব দিয়ে দক্ষতার সঙ্গে মামলা পরিচালনা করা, যাতে অপরাধীরা যথার্থ মাত্রায় দণ্ডিত হয়। অতি দ্রুত এই নৃশংস অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে—এটা দেখার জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে।