সাত তরুণের অনুসরণীয় দৃষ্টান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

করোনা মহামারির দেড় বছরে অসংখ্য অমানবিক ঘটনার খবর সংবাদমাধ্যমে এসেছে। বিজ্ঞানসম্মত তথ্যের অভাবে শুরু থেকেই কোভিড সম্পর্কে জনমনে নানা ভীতি ছড়িয়ে পড়ে। করোনা রোগীদের নিয়ে অজানা ভয় এখনো রয়ে গেছে। এই ভয় ছাপিয়ে চট্টগ্রামের সাত তরুণ মানুষের পাশে দাঁড়ানোর অনন্য নজির স্থাপন করেছেন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) চিকিৎসক, নার্সদের সহকারী হিসেবে কাজ করছেন তাঁরা।

করোনা সংক্রমণের জন্য হাসপাতালের আইসিইউ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তা ছাড়া রোগীর আর্তনাদ, মৃত্যু-সুস্থ মানুষের মধ্যেও মানসিক অস্থিরতা বাড়িয়ে দেয়। সেসব উপেক্ষা করে এই তরুণেরা এই সেবায় আত্মনিয়োগ করেছেন।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, স্বেচ্ছাসেবক এই সাত তরুণ যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সদস্য। তঁাদের সবাই ছাত্র, বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে। অক্সিজেন কনসেনট্রেটর পরিচালনা, আইসিইউ ব্যবস্থাপনা ও করোনা ইউনিটে কাজ করার প্রশিক্ষণ তঁাদের দেওয়া হয়েছে। সব ধরনের নিরাপত্তা মেনেই তাঁরা আইসিইউতে কাজ করছেন। বিনা পারিশ্রমিকে তাঁরা যুক্ত হয়েছেন মানবিক এ কাজে। গুরুতর রোগীর মুখে কখনো খাবার তুলে দিচ্ছেন। কখনো জোগাচ্ছেন ওষুধ। আইসিইউতে ১৩ দিন কাজ করার পর তঁাদের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হচ্ছে। পরিবার থেকে আলাদা থেকেও তাঁদের কোনো আক্ষেপ নেই। সুখের কথা, এখন পর্যন্ত তাঁরা কেউ করোনায় আক্রান্ত হননি।

মহামারির শুরু থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি মোকাবিলায় জনসম্পৃক্ততার কথা বলেছে। দেশের জনস্বাস্থ্যবিদেরাও ছাত্র-তরুণদের সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন। দেশের নানা প্রান্তে নিজ উদ্যোগে অনেক তরুণ অক্সিজেন সিলিন্ডার সরবরাহ থেকে শুরু করে টিকার নিবন্ধন—সব কাজেই মানুষকে সহযোগিতা করছেন। এ পরিস্থিতিতে এই সাত তরুণ যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অন্যদের এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে।

এই তরুণদের মতো যাঁরা স্বেচ্ছাসেবী হিসেবে এগিয়ে আসতে চান, তাঁদের দ্রুত প্রশিক্ষিত করে কাজে লাগিয়ে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার পরিধি বাড়ানো যেতে পারে। পাশাপাশি এসব মানবহিতৈষী তরুণকে সরকারের পক্ষ থেকে যথার্থ সম্মান প্রদর্শন করা উচিত।