সাতক্ষীরা ও খুলনায় বেড়িবাঁধে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ছয়টি গ্রামের প্রায় এক হাজার পরিবার পানিবন্দী অবস্থায় জীবন যাপন করছে। গত রোববার ভোরে খোলপেটুয়া নদীর পানির প্রবল তোড়ে পানি উন্নয়ন বোর্ডের কোলা বেড়িবাঁধ ধসে নদীগর্ভে বিলীন হওয়ার পর ওই ছয়টি গ্রাম নদীর পানিতে প্লাবিত হয়ে যায়। স্থানীয় লোকজন বাঁধ সংস্কারের অনেক চেষ্টা করেছিলেন। একপর্যায়ে তাঁরা পানি লোকালয়ে ঢোকা বন্ধ করেন। কিন্তু জোয়ারের পানির প্রবল চাপে বাঁধের প্রায় ৩০০ ফুট এলাকা ভেঙে যায়।
স্থানীয় বাসিন্দারা বলেছেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাফিলতির কারণেই তাঁদের এই দুর্দশা। বারবার বলা হলেও পাউবো ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না। সোমবার স্বেচ্ছাশ্রম দিয়ে এলাকাবাসী ধসে পড়া বাঁধটি মেরামত করেন। খোঁজ নিয়ে জানা গেছে, দুই বছর আগেও একবার বাঁধটি ভেঙে গিয়েছিল। তখন প্রথমে গ্রামবাসী ঠিক করেছিল। পরে সংস্কার করে পাউবো। বোঝা যায় সংস্কারকাজটি ঠিকমতো হয়নি, হলে এই পরিণতি হতো না। এদিকে রোববার রাতেই জোয়ারের পানিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে খুলনার কয়রা উপজেলার কমপক্ষে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয়ভাবে বাঁধটি মেরামতের চেষ্টা করা হলেও কাজ হয়নি।
সাতক্ষীরা ও খুলনার বেড়িবাঁধ ভেঙে পড়ার দুটি ঘটনা নির্মাণকাজে দুর্নীতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতারই প্রমাণ দেয়। নিয়মিত তদারকি থাকলে এবং সে অনুযায়ী সংস্কার করলে এভাবে বাঁধ ভেঙে পড়ার কথা নয়। বাঁধ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের এবং সঠিক পন্থা অবলম্বন না করার অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। এসব দুর্নীতি বন্ধ করতে হবে। যাঁরা দুর্নীতির আশ্রয় নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তা না হলে সাধারণ মানুষের জীবন ও জীবিকা এভাবে বিপন্ন হতেই থাকবে। আমরা আশা করছি জরুরি ভিত্তিতে বাঁধ দুটি সংস্কার ও মেরামত করে এলাকাবাসীকে দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হবে।