সাতক্ষীরা সদর হাসপাতালের দুর্দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত খবরে বলা হয়, এনডোসকপি যন্ত্রটি পাঁচ বছরের বেশি সময় ধরে ব্যবহার না করায় নষ্ট হয়ে পড়ে আছে। ৪টি আল্ট্রাসনোগ্রাম যন্ত্রের ৩টি, ১৮টি সাকার যন্ত্রের ১৩টি, ৬টি ইসিজি যন্ত্রের ৩টি, ৫টি অ্যানেসথেসিয়া যন্ত্রের ৪টি, ৪টি কার্ডিয়াক মনিটরের ২টি, ৬টি এক্স-রে মেশিনের মধ্যে ৪টি দীর্ঘদিন ধরে নষ্ট। বিশেষজ্ঞ না থাকায় প্রায় দুই বছর ধরে ব্যবহার করা হচ্ছে না ২টি ইটিটি ও ২টি ইকোকার্ডিওগ্রাম যন্ত্র। এ কারণে সেবার কাজে আসছে না এসব যন্ত্র। এ ছাড়া ৩টি অ্যাম্বুলেন্সের ১টি, সিসিইউর ৪টি এসির ২টি এবং ১টি বায়োকেমিস্ট অ্যানালাইজার দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। সদর হাসপাতালটি ১০০ শয্যার হলেও চিকিৎসকের পদ রয়েছে ৫০ শয্যার হাসপাতালের মতো। বর্তমানে ২৭টি পদের মধ্যে ১১টি শূন্য রয়েছে।

১০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন অন্তত ২৫০ জন রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে প্রতিদিন অনেক রোগী আসেন। তাঁদের নানা পরীক্ষা দেওয়া হয়। কিন্তু হাসপাতালে রোগ নির্ণয়ের বেশির ভাগ যন্ত্রপাতি নষ্ট থাকায় রোগীদের হাসপাতালের বাইরে গিয়ে অতিরিক্ত টাকা ব্যয়ে পরীক্ষা-নিরীক্ষা করাতে হচ্ছে। একটি সরকারি হাসপাতালের এমন পরিস্থিতির কথা ভাবা যায় না। এমন হলে দরিদ্র সাধারণ মানুষ যাবে কোথায়?

আমরা এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। জরুরি ভিত্তিতে সাতক্ষীরা সদর হাসপাতালের সব যন্ত্র ঠিক করতে হবে। শূন্য পদগুলোতে অবিলম্বে চিকিৎসক নিয়োগ দিতে হবে। এই হাসপাতালে এসে রোগীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে ব্যবস্থা করতে হবে।