অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এর আগে যে তিনটি বাজেট ঘোষণা করেছেন, তার দুটিই ছিল করোনাকালীন। এবার করোনার প্রকোপ কমলেও রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে মারাত্মক সংকটে ফেলেছে, যার অভিঘাত পড়েছে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের তকমা পাওয়া বাংলাদেশেও। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে ঢাক পেটালেও বাংলাদেশকে অধিকাংশ খাদ্যপণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। গত কয়েক মাসের বৈদেশিক বাণিজ্যের খতিয়ান দেখলে কপালে ভাঁজ পড়ে যায়।
স্বাভাবিকভাবেই আশা করা গিয়েছিল, বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ ও বাংলাদেশের ৫১তম বাজেটে চ্যালেঞ্জ মোকাবিলার স্পষ্ট দিকনির্দেশনা থাকবে। অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় আগামী অর্থবছরের ছয়টি চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন।
এগুলো হলো মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা, অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়ানো, বিদেশি সহায়তা বাড়িয়ে অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাস্তবায়ন করা, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়ন করা, মূল্য সংযোজন করের পরিমাণ ও ব্যক্তি করদাতার সংখ্যা বাড়ানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো এবং ডলারের বিপরীতে টাকার মান স্থিতিশীল রাখা।
আমরা বলব, অর্থমন্ত্রী সমস্যাগুলো ঠিকই চিহ্নিত করেছেন। যদিও এর সমাধানে যথাযথ ব্যবস্থাপত্র দিতে পারেননি। সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে বরাদ্দ বাড়ানো হলেও তা যথার্থ নয়। ইতিমধ্যে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি জনজীবনে বিরূপ প্রভাব ফেলেছে। অনেক পরিবার তাদের খাদ্য, শিক্ষা ও চিকিৎসা ব্যয় কমিয়ে এনেছে।
যারা ব্যয় কমায়নি, মূল্যস্ফীতির কারণে তারাও আগের সেবা পাচ্ছে না। সে ক্ষেত্রে অর্থনীতিবিদেরা নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষের সহায়তায় রেশনিং ব্যবস্থা চালু করার সুপারিশ করেছিলেন। বাজেটে ব্যবসায়ী শ্রেণির জন্য আর্থিক প্রণোদনা থাকলেও এই বিশাল জনগোষ্ঠীর জন্য কোনো প্রণোদনা নেই।
অর্থমন্ত্রী জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫০ শতাংশ ধরে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। আগের অর্থবছর এর পরিমাণ ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা, যদিও সংশোধিত বাজেটে তা কমে ৫ লাখ ৯৩ হাজার ৫০০ কোটিতে দাঁড়ায়। প্রাক্কলিত বাজেট ও সংশোধিত বাজেটের মধ্যে বেশ ফারাক থাকে। বাজেট কাটছাঁট করার ‘বদভ্যাস’ থেকে বর্তমান অর্থমন্ত্রীও বেরিয়ে আসতে পারেননি।
বৈদেশিক মুদ্রার মজুত বাড়াতে অর্থমন্ত্রী বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে ৭ শতাংশ কর ধার্য করেছেন। যাঁরা দেশ থেকে নানা অপকৌশলে অর্থ পাচার করেছেন, তাঁরা এই করসুবিধা নিয়ে সুবোধ বালকের মতো দেশে অর্থ ফিরিয়ে আনবেন, এমন আশা করা দুরাশা কি না, সেই প্রশ্নও তুলেছেন অর্থনীতিবিদেরা। তদুপরি নৈতিকতার প্রশ্নও আছে। এর মাধ্যমে যাঁরা পাচার করেননি, পরোক্ষভাবে তাঁদের ‘শাস্তি’ দেওয়া হলো। এর আগে কালোটাকা সাদা করার ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে এবং তা ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।
সব মিলিয়ে অর্থমন্ত্রীর এবারের বাজেটে সাধ ও সাধ্যের মিল আছে বলে মনে হয় না। তিনি এই সংকটময় সময়েও অর্থনীতিকে দ্রুত সামনে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, কিন্তু সেটি কীভাবে বাস্তবায়িত হবে, কীভাবে বাস্তবায়ন প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা যাবে, তার কোনো দিকনির্দেশনা নেই।
প্রতিবছরের মতো এবারের বাজেটেও মানবসম্পদ উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি খাত শিক্ষা ও স্বাস্থ্যসেবা অবহেলিত থেকে গেছে, যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়।