সাধারণ রোগীদের চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কোভিড–১৯ মহামারি শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই দেশের সাধারণ চিকিৎসাব্যবস্থার অবনতি শুরু হয়। প্রথম কোভিড–১৯ রোগীর মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পর থেকে সেই অবনতি বেগবান হয় এবং একটা পর্যায়ে সাধারণ চিকিৎসাব্যবস্থা প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়। এর একটি বড় কারণ, সরকারের পুরো স্বাস্থ্য বিভাগ কোভিড–১৯ মহামারি মোকাবিলার দিকেই মূলত মনোযোগ নিবদ্ধ করে; সাধারণ রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনার বিষয়টি তাদের কাছে দৃশ্যমানভাবে গৌণ হয়ে পড়ে। 

যদিও সরকার শুধু কোভিড–১৯ রোগীদের চিকিৎসার জন্য প্রথমে ডজনখানেক এবং পরে আরও কয়েকটি হাসপাতাল নির্ধারণ করে দেয়, তবু সেসব হাসপাতালের বাইরে, যেগুলোতে করোনাবহির্ভূত বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা পাওয়ার কথা, সেগুলোতেও চিকিৎসাসেবার গুরুতর অবনতি ঘটে। করোনা আক্রান্ত নয়, এমন অসুস্থ ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক চিকিৎসা পাওয়া অত্যন্ত কঠিন পড়ে। সেই সময় হৃদ্‌রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত অনেক মানুষ চিকিৎসার জন্য হাসপাতালের পর হাসপাতালে ছোটাছুটি করে চিকিৎসা পেতে ব্যর্থ হয়েছেন, অনেকে বিনা চিকিৎসায় মারা গেছেন। 

এসব খবর এবং ভুক্তভোগীদের দুঃখজনক অভিজ্ঞতা, অভিযোগ, ক্ষোভ সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। সেই সময় অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ সাধারণ রোগীদের স্বাভাবিক চিকিৎসাব্যবস্থা পুনরুদ্ধারের জন্য অনেক পরামর্শমূলক লেখা পত্র সংবাদমাধ্যমে প্রকাশ করেছেন। কিন্তু এত কিছু সত্ত্বেও সাধারণ রোগীদের চিকিৎসাব্যবস্থায় কোনো উন্নতি ঘটেনি। এর মধ্যে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর দীর্ঘ তিন মাস পেরিয়ে গেছে।

বিশেষজ্ঞসহ অনেকেরই সরকারের প্রতি পরামর্শ ছিল, কোভিড–১৯ রোগীদের চিকিৎসার পরিধি বাড়ানোর পাশাপাশি সাধারণ রোগীদের চিকিৎসার স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার ও সচল করার লক্ষ্যে একটি আশু পরিকল্পনা, কর্মকৌশল ও নির্দেশনা প্রণয়ন করা উচিত। আর সময়ক্ষেপণ না করে সেগুলো বাস্তবায়নের জন্য জোরালোভাবে তৎপর হওয়া উচিত। কিন্তু দীর্ঘ তিন মাসেও সাধারণ রোগীদের চিকিৎসাব্যবস্থার অচলাবস্থা দূর হয়নি। এখনো প্রতিনিয়ত সংবাদমাধ্যমে খবর বেরোচ্ছে, বিভিন্ন অসুখে আক্রান্ত মানুষ হাসপাতালে হাসপাতালে ঘুরে চিকিৎসা পাচ্ছেন না। 

সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ মে এই মর্মে একটি নির্দেশনা জারি করে যে ৫০ বা তার বেশি শয্যাবিশিষ্ট সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কোভিড এবং নন-কোভিড রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা থাকতে হবে। তারপর দুই সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু পরিস্থিতির তেমন কোনো উন্নতি ঘটেনি। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও এ ধরনের নির্দেশ দেওয়া হয়েছে বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু তার সুফল এখনো দেখা যাচ্ছে না।

অত্যন্ত দুঃখজনক বিষয়, এই মহামারির সময়ে দেশের বেসরকারি খাতের চিকিৎসা প্রতিষ্ঠানগুলো দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। অথচ বাংলাদেশের চিকিৎসাব্যবস্থার প্রায় ৬৬ শতাংশই বেসরকারি খাতের। তারা তাদের দায়িত্ব কোনোভাবেই এড়াতে পারে না। শুধু সাধারণ রোগী নয়, কোভিড–১৯ রোগীদের চিকিৎসা দেওয়ার দায়দায়িত্ব তাদের আছে। কিন্তু কোভিড–১৯ রোগী নয়, অথচ সন্দেহবশত অনেক সাধারণ রোগীকে অনেক বেসরকারি হাসপাতাল ফিরিয়ে দিচ্ছে এবং এখনো দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। 

এই পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না। স্বাস্থ্য মন্ত্রণালয়কে শুধু নির্দেশনা জারি করেই কর্তব্য শেষ বলে মনে করলে চলবে না, নির্দেশনা বাস্তবায়নের কার্যকর উদ্যোগও নিতে হবে। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলো সরকারের নির্দেশ অনুযায়ী রোগীদের চিকিৎসা দিচ্ছে কি না, সে বিষয়ে নজরদারির ব্যবস্থা করা এখন জরুরি হয়ে উঠেছে।