সাধারণের অসাধারণ মানবিক তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা নামের এক ভবন ধসে দুই শতাধিক মানুষের মৃত্যু, সহস্রাধিক মানুষের আহত হওয়া এবং ধ্বংসস্তূপের নিচে এখনো অজানা সংখ্যক মানুষের আটকে থাকার ঘটনায় ওই অঞ্চলের বিপুলসংখ্যক সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত উদ্ধার-তৎপরতা লক্ষ করা গেল, তা এককথায় অসাধারণ। রাজনীতির সংকীর্ণ স্বার্থপরতা, যাবতীয় প্রাতিষ্ঠানিক প্রশাসনিক ব্যর্থতা, সুবিধাভোগী, অর্থ-বিত্ত-প্রভাব-ক্ষমতার মালিকদের সীমাহীন ব্যক্তিকেন্দ্রিকতা ও বিচ্ছিন্নতার বিপরীতে আপামর জনসাধারণের এই আদি-অকৃত্রিম সরল মানবিকতা এ সমাজের প্রাণশক্তি।দুর্ঘটনার পর বিপুলসংখ্যক সাধারণ মানুষ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দুর্ঘটনাকবলিত মানুষগুলোকে উদ্ধার করতে তৎপর হয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে আহত মানুষকে উদ্ধার করা বা ইতিমধ্যে লাশে পরিণত মানুষদের টেনে বের করাই কেবল নয়, আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া, সেই পথে যান চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও করেছেন অনেক মানুষ। আহত ব্যক্তিদের রক্ত দেওয়ার জন্যও দলে দলে এগিয়ে এসেছেন বিপুল মানুষ।পোশাক কারখানার শ্রমিক, ছাত্র, বেকার তরুণ-যুবক, ছোটখাটো দোকানের মালিক, তাঁদের কর্মচারীসহ সাধারণ মানুষের উদ্ধার-তৎপরতা শুরু হয়েছে সরকারি সংস্থাগুলোর সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছার আগেই। ফায়ার সার্ভিস, পুলিশ, র‌্যাব, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজে যোগ দিয়েছেন পরে। ফায়ার সার্ভিসের উদ্ধারকাজেও ব্যাপক সহযোগিতা করেছেন সাধারণ মানুষ।যেকোনো দুর্যোগ-দুর্ঘটনায় এ দেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতার প্রবণতা অবশ্যই খুব আশাব্যঞ্জক ও প্রশংসনীয় বিষয়। কিন্তু এটা কখনোই দুর্যোগ-দুর্ঘটনা মোকাবিলার ব্যবস্থাপনাগত পেশাদারি তৎপরতার বিকল্প হতে পারে না। ভবনধসের মতো দুর্ঘটনার পর উদ্ধারকাজ পরিচালনায় যে ব্যবস্থাপনাগত ও কারিগরি জ্ঞান, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ প্রয়োজন, সাধারণ মানুষের তা থাকার কথা নয়। উদ্ধারকাজের প্রধান দায়িত্ব সরকারি সংস্থাগুলোর, সে দায়িত্ব পালনে যথাসম্ভব দ্রুত সর্বোচ্চ তৎপরতা নিশ্চিত করাই মূল কাজ। রানা প্লাজা ধসে পড়েছে বুধবার সকালে, কিন্তু দুপুর দুইটার আগে সরকারি কোনো সংস্থাই উদ্ধারকাজ শুরু করতে পারেনি। শুরু করার পরেও তা যে খুব দ্রুততা ও সফলতার সঙ্গে এগিয়েছে, তা-ও নয়। এ ধরনের জটিল ও ঝুঁকিপূর্ণ উদ্ধারকাজে যে পেশাদারি দক্ষতা খুব প্রয়োজন, তার অভাব স্পষ্ট হয়েছে। এই দুর্ঘটনাকে এক বিরাট সতর্কসংকেত হিসেবে গ্রহণ করে ভবিষ্যতের জন্য লোকবলের দক্ষতা ও ব্যবস্থাপনার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া জরুরি।