বাংলাদেশের সড়ক নিরাপত্তার ভয়ানক বাস্তবতার প্রতীক হয়ে থাকবে দুটি শিশুর মৃত্যু। গত শনিবার ঢাকার মৎস্য ভবন ও শাহবাগে আট ঘণ্টার ব্যবধানে বাসচাপায় নিহত হয় সাবিহা ও খাদিজা নামের দুই শিশু। যথারীতি ঘাতক বেপরোয়া বাসচালক। সান্ত্বনাহীন এই দুটি মৃত্যু কি কর্তৃপক্ষের টনক নড়াবে?
১৪ বছরের সাবিহা যাচ্ছিল নতুন স্কুলে নবম শ্রেণিতে ভর্তির কাজ সারতে। আর ষষ্ঠ শ্রেণিতে সদ্য ভর্তি হওয়া খাদিজা আক্তার বেরিয়েছিল দুলাভাই ও বোনের সঙ্গে বেড়াতে। দুজনই রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় নিহত হয়। দুই শিশুর অপূর্ণ জীবন, দুটি পরিবারের শোক সবাইকেই ব্যথিত করবে। কিন্তু প্রতিকার হবে কি? নাকি তারা শুধু সড়ক দুর্ঘটনায় নিহতের পরিসংখ্যানে দুটি মাত্র নাম হয়েই হারিয়ে যাবে?
সড়ক দুর্ঘটনার অন্য কোনো নাম দেওয়া প্রয়োজন। যেখানে চালকের বেপরোয়া আচরণ, কিংবা সড়ক কর্তৃপক্ষের সচেতন অবহেলা অথবা ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির জন্য পথচারী ও যাত্রীদের প্রাণ যায়, তখন আর একে কি দুর্ঘটনা বলা উচিত? অনেকেই একে কাঠামোগত হত্যাকাণ্ড, তথা ব্যবস্থার কারণে প্রাণহানি বলে বর্ণনা করেন। এই ব্যবস্থায় রয়েছেন চালক—যিনি হয় অপ্রশিক্ষিত কিংবা দায়িত্বহীন, রয়েছেন যানবাহনের মালিক—যাঁরা ত্রুটিপূর্ণ গাড়ি রাস্তায় নামান, রয়েছে ট্রাফিক বিভাগ যারা নিয়মকানুন যথাযথভাবে কার্যকর করতে ব্যর্থ, রয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)— যানবাহনের ফিটনেসের ক্ষেত্রে বা অদক্ষদের লাইসেন্স দেওয়ার জন্য সমালোচিত, রয়েছে নগর কর্তৃপক্ষ এবং রাজধানীর বাইরে মহাসড়কের জন্য সড়ক ও জনপথ বিভাগ—যারা দুর্ঘটনাপ্রবণ সড়কগুলোকে নিরাপদ করায় যথেষ্ট তৎপর নয়। এদের সম্মিলিত গাফিলতির সঙ্গে যোগ হয় যাত্রী ও পথচারীদের অসতর্কতা। আর এভাবেই বাংলাদেশ হয়ে ওঠে পৃথিবীর মধ্যে সড়ক দুর্ঘটনার শীর্ষে থাকা দেশগুলোর অন্যতম।
আমরা চাই, সড়ক দুর্ঘটনা আইনকে আরও কঠোর করা হোক। দুই শিশুর মৃত্যুর জন্য দায়ী চালকদের দ্রুত বিচার হোক। কিন্তু যা জরুরি তা হলো, দুর্ঘটনার মাত্রা কমিয়ে আনায় সম্ভব সবকিছু করা। বিশাল লোকবল ও আইনি ক্ষমতা নিয়েও এটা না করা মানে দুর্ঘটনার ফাঁদ পেতে রাখা।