ক্রমবর্ধমান হরতাল ও রাজনৈতিক গোলযোগের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে নতুন করে ভাবনার প্রয়োজন। বাংলাদেশে এখন সাপ্তাহিক সরকারি ছুটি শুক্র ও শনিবার। সরকারস্বীকৃত বা সরকারি অর্থায়নে পরিচালিত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান কিন্তু শুক্র ও শনি এই দুই দিন বন্ধ থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুধু শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এটা শুধু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই দেখা যায়, তেমন নয়। ঢাকার প্রধান প্রধান বিদ্যালয়, মহাবিদ্যালয়সহ সারা দেশের বিদ্যালয়, মহাবিদ্যালয়গুলোতে সাপ্তাহিক ছুটির এই অসমতা পরিদৃষ্ট হবে। যেমন শুক্র ও শনি দুই দিন সাপ্তাহিক ছুটি থাকে নটর ডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে; অন্যদিকে শুধু শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে। সরকারের ছুটি-সম্পর্কিত সিদ্ধান্তে বলা হয়েছে: এই ছুটি সব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের বেলায় প্রযোজ্য। তবে এ কথাও বলা আছে: যেসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইনকানুুন দিয়ে নিয়ন্ত্রিত কিংবা সরকারের অত্যাবশ্যকীয় (এসেনশিয়াল) বিভাগ—তারা জনস্বার্থ বিবেচনা করে ছুটি ঘোষণা করবে। সপ্তাহে দুই দিনের বদলে এক দিন যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এতকাল ধরে বন্ধ রেখে সপ্তাহে ছয় দিন খোলা রাখছে, তারা জনস্বার্থ বিবেচনা করেই তা করছে বলে মনে করি এবং এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।সবারই মনে পড়বে, এই কয়েক দিন হলো, হরতাল চলাকালে পড়তে যাওয়ার সময় চট্টগ্রামে এক ছাত্রী মর্মান্তিকভাবে আহত হয়, লালমনিরহাটে দুটি প্রাথমিক বিদ্যালয় আক্রমণ করে শিশুদের আহত করে হরতালকারীরা। পত্রিকান্তরে এক ছাত্র লিখেছে, হরতাল চলাকালে পড়তে যাওয়ার সময় রাস্তায় চলমান বাসে হরতালকারীদের সে আগুন দিতে দেখে। প্রাণ বাঁচানোর জন্য জ্বলন্ত ও প্রায় চলন্ত বাস থেকে যাত্রীদের দিগিবদিক জ্ঞানশূন্য হয়ে নামার দৃশ্য দেখে সে তার পাঠে কয়েক দিন মনোনিবেশই করতে পারেনি। এগুলো সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার তিনটি উল্লেখ মাত্র। হরতাল না করার জন্য বিরোধী দল ও নানা গোষ্ঠীর প্রতি আবেদন-নিবেদন যেমন ব্যর্থ হয়েছে, তেমনি হরতাল থেকে কী করে পরিত্রাণ মেলে, এ ব্যাপারে সরকারি কোনো উদ্যোগও পরিলক্ষিত হচ্ছে না। ছুটি বা বন্ধের দিনে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা হচ্ছে বটে, কিন্তু দিনের পর দিন লাখ লাখ বিদ্যার্থী যে শ্রেণীপাঠ গ্রহণ করতে পারছে না, সে বিষয় উল্লেখ করছে না কেউ। এই সীমাহীন ক্ষতি বিবেচনা করে শিক্ষার্থীদের স্বার্থে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান শনিবারও সাময়িকভাবে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ পরিপ্রেক্ষিতে বছরের শুরু থেকেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিনের বদলে এক দিন কেন হবে না—প্রশ্নটি আসতে পারে। যে বিশ্ববিদ্যালয়গুলোতে সাপ্তাহিক ছুটি দুই দিন, সেগুলোর কর্তৃপক্ষের সমীপে সবিনয় জিজ্ঞাসা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেকোনো বিষয়ে সুযোগ বৃদ্ধি করা হলে, আপনারা সে দৃষ্টান্ত উপযুক্ত কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে নিজেদের সুযোগ-সুবিধা বাড়িয়ে নেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অনেক বিশ্ববিদ্যালয়ই যে শনিবারও খোলা থাকে এবং ওই দিন স্বাভাবিক শিক্ষা ও অন্যান্য কার্যক্রম পরিচালিত হয়, সে দৃষ্টান্ত অনুসরণ করে আপনারা আপনাদের বিশ্ববিদ্যালয় শনিবারেও কেন খোলা রাখেন না? প্রশ্নটি নিচের প্রসঙ্গ বিবেচনায় এনে দেশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে বিদ্যালয়-মহাবিদ্যালয়ের উপযুক্ত কর্তৃপক্ষের কাছেও উপস্থাপন করতে চাই।শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটি ও সরকারি কার্যালয়ের বার্ষিক ছুটির মধ্যে পার্থক্য আছে। যেমন ঈদে সরকারি ছুটি থাকে সাধারণত তিন দিন করে, কিন্তু অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে তা সাত দিন করে। দুর্গাপূজায় সরকারি ছুটি এক দিন, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে তিন-চার দিন। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে এমন কিছু ছুটি আছে, যা সরকারি ছুটিতে নেই। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু বিদ্যার্থী-ছুটি আছে, যে ছুটিতে শ্রেণীপাঠ থাকে না। সে সময় শিক্ষকদের ছুটি না থাকলেও ছুটি-ছুটি একটা ভাব থাকে। যেমন রমজান মাস কিংবা গ্রীষ্ম অবকাশকালে। শিক্ষা প্রশাসনে যাঁরা আছেন, তাঁদের কথা পৃথক। তবে এটা ঠিক, নির্দিষ্টভাবে ছুটি থাকা আর ছুটি-ছুটি ভাব থাকা এক কথা নয়। ‘ছুটি-ছুটি’র মধ্যে একটি অস্থিরতাও আছে। তা ছাড়া ছুটির মধ্যে পরীক্ষার দায়িত্ব পালনও শিক্ষকদের নিত্যকর্মে পরিণত হয়েছে। তার পরও শিক্ষা বিভাগকে নাকি ‘ভোকেশনাল ডিপার্টমেন্ট’ বলা হয়ে থাকে। তাই বোধ করি, সরকার শিক্ষকদের এই ছুটি-ছুটি ভাবের ওপর ‘কর’ বসায় একটু অন্যভাবে। এর একটি উদাহরণ হলো অর্জিত ছুটি গণনা ও মূল্যমান বিবেচনা। সরকারি চাকুরেরা প্রতি ১০ দিনে এক দিন, কিন্তু শিক্ষকেরা (সরকারি বিদ্যালয় বা মহাবিদ্যালয়ের) প্রতি ১১ দিনে এক দিন অর্জিত ছুটি সঞ্চয় করেন, যা সমতাভিত্তিক নয়। এর চেয়েও বড় কথা, মূল্যমান বিবেচনার ক্ষেত্রে অসমতা: সরকারি চাকরিজীবীরা তাঁদের অর্জিত ছুটি ভোগ করেন পূর্ণ গড়বেতনে, কিন্তু শিক্ষকেরা (সরকারি বিদ্যালয়-মহাবিদ্যালয়েরও) অর্ধ গড়বেতনে, যা আর্থিকভাবে শিক্ষকদের জন্য বিশেষ ক্ষতি। এই ক্ষতি থেকে পরিত্রাণ চান তাঁরা।মন্ত্রীর ব্যক্তিগত অনুরোধ কিংবা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পরিপত্র জারি ইত্যাদি মান্য করে বিশেষ বিশেষ দিনে অতি সাময়িকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার যে দৃষ্টান্ত কখনো কখনো দেখা যাচ্ছে, তা ভালো। কিন্তু এর চেয়েও ভালো নয় কি, বছরের শুরু থেকেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিন সাপ্তাহিক ছুটি কার্যকর করে ছয় দিনই শ্রেণীপাঠ ও স্বাভাবিক কর্ম অব্যাহত রাখা? এ ব্যাপারে একটি সরকারি আদেশ হতে পারে, কিন্তু একই সঙ্গে অর্জিত ছুটি গণনা ও মূল্যমান বিবেচনার ক্ষেত্রে বিদ্যমান অসমতা দূর করাও আশু প্রয়োজন।সৌমিত্র শেখর: অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। [email protected]