নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় আড়াই বছরের শিশু সাফিরের হাত ও মুখসহ শরীরের প্রায় ১৭ শতাংশ ঝলসে গেছে। এখন সে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। কিন্তু যে দুর্বৃত্তরা তার শরীর ঝলসে দিল, তাদের কি গ্রেপ্তার করা হবে
না, বিচার হবে না? যারা শিশুদের পুড়িয়ে মারতে চায়, তারা পশুরও অধম। তাদের আইনের আওতায় এনে দ্রুত সাজা দিতে না পারলে এ ধরনের অপতৎপরতা আরও বেশি উৎসাহিত হবে।
৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ১৭ দিনের অবরোধ ও হরতালে ২৮ জন নিহত হয়েছে। তাদের মধ্যে পেট্রলবোমা ও আগুনে পুড়ে মারা গেছে ১৩ জন। মানুষ হত্যার উদ্দেশ্যে পেট্রলবোমা ছুড়ে মারা হয়। এটা ঠান্ডা মাথায় খুন। এর যদি প্রতিকার না পাওয়া যায়, তাহলে প্রশাসন আছে কিসের জন্য?
দগ্ধ সাফির নিবিড় পরিচর্যা কেন্দ্রেগত ১৩ দিনে নারায়ণগঞ্জ-ঢাকা রুটের পাঁচটি বাসে আগুন দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ দুর্বৃত্তদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অথচ শহরের চাষাঢ়া থেকে দুই নম্বর রেলগেট পর্যন্ত মাত্র এক কিলোমিটার পথেই বেশির ভাগ বাসে পেট্রলবোমা ও আগুন দেওয়া হয়েছে। এই সামান্য রাস্তাটুকুর ওপর কড়া নজর রাখলে দুর্বৃত্তদের অনায়াসে ধরা যেত।
নারায়ণগঞ্জের দুটি বড় সরকারি হাসপাতালের একটিতেও বার্ন ইউনিট নেই। শিশু সাফিরকে প্রথমে নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে কার্যত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। ফলে দীর্ঘ সময় তাকে জ্বালা-যন্ত্রণা সহ্য করতে হয়েছে।
শিশু সাফিরের মা ও বাবা দুজনেই চিকিৎসক। কিন্তু তাঁরা কি পারবেন তাঁদের সন্তানকে দুঃসহ যন্ত্রণার হাত থেকে রক্ষা করতে? মাত্র সপ্তাহ দু–এক আগে গরম পানিতে শিশু সাফিরের পা পুড়ে গিয়েছিল। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা শেষে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়ার পথে সে পেট্রলবোমার আগুনে পুড়ল।
সাফিরের জন্য রইল আমাদের দুফোঁটা অশ্রু। সে সুস্থ হয়ে উঠুক। সুস্থ হোক দেশের রাজনীতিও।