ফেসবুকে সুইসাইড নোট এবং আত্মহত্যার ব্যর্থ চেষ্টার ভিডিও পোস্ট করার পর সাবিরা হোসাইন (২১) নামের এক মডেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সকালে রাজধানীর রূপনগর এলাকার একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তিনি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।
মানুষ নানা কারণে আত্মহত্যা করে। সাবিরাও নিশ্চয়ই চরম হতাশা থেকেই আত্মহত্যা করেছেন। ফেসবুকে ইতিমধ্যে লক্ষাধিক মানুষ তাঁর আত্মহত্যার চেষ্টার এই ভিডিওটি দেখেছেন। নয় মিনিটের এই ভিডিওটি দুই হাজারের বেশিবার শেয়ার হয়েছে। এতে দেখা যায়, সাবিরা তাঁর পেট ও গলায় ছুরিকাঘাতের চেষ্টা করছেন। প্রশ্ন হচ্ছে সাবিরাকে কি বাঁচানো যেত না? তাঁর ফেসবুকের বন্ধুরা এমন একটি ভিডিও ছাড়ার পরও কেন বিপদ আঁচ করতে পারল না বা তাঁকে বাঁচাতে এগিয়ে এল না? আমাদের মানবিক বোধগুলো কি তবে এতটাই ভোঁতা হয়ে গেছে কোনো কিছুই এখন আর আমাদের স্পর্শ করে না!
সাবিরার ভিডিও পোস্টের নিচে বেশ কয়েকজন মন্তব্য করেন। এতে একজন লেখেন, ‘তুমি কী করছ? বন্ধ করো।’ আরেকজন লিখেছেন, ‘সাবিরা তুমি কী করছ? তোমার থেকে এটা আশা করা যায় না।’ তৃতীয় আরেকজন লিখেছেন, ‘কী করতেসিস এগুলি? পাগল হয়ে গেছিস? ভিডিও ডিলিট কর তাড়াতাড়ি।’ বোঝাই যাচ্ছে মন্তব্যকারীরা তাঁর বন্ধুস্থানীয়। তারা তাদের উদ্বেগ প্রকাশ করলেও হয়তো চূড়ান্ত বিচারে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয়নি। কেউ উদ্যোগ নিলে বা সশরীরে তাঁর বাসায় হাজির হলে হয়তো তাঁকে আত্মহত্যা করা থেকে নিবৃত্ত করা যেত। সভ্য দেশে এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়, এ ক্ষেত্রে হয়তো কেউ সেই ঝুঁকি নিতে চায়নি।
আবার এ রকম একটি ভিডিও ভাইরাল হওয়ার পরও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তা বন্ধ করেনি। চাঞ্চল্য সৃষ্টিকারী যেকোনো পোস্ট বা ভিডিও ইন্টারনেটে ছাড়া হলে তা নিয়ন্ত্রণ করার দায়িত্ব বিটিআরসির। বোঝা যাচ্ছে এ ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে।
অারও পড়ুন : ফেসবুকে ভিডিও, মডেলের লাশ উদ্ধার