ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়িত হওয়ার পর বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে ভারতের যেসব ছিটমহল ছিল, সেগুলো এখন এ দেশের অখণ্ড অংশ। ছিটমহল থাকা অবস্থায় সেই জনপদগুলো যেসব বঞ্চনার শিকার ছিল, তা থেকে মুক্ত হয়ে বাংলাদেশের অন্য সব অঞ্চলের মানুষের মতোই সমান অধিকার লাভ করেছে তারা। সুতরাং তাদের বঞ্চনাগুলো দূর করা এবং সুযোগ ও অধিকারের সমতা সৃষ্টি করা বাংলাদেশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
এই বিবেচনায় পঞ্চগড়, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ১২টি সাবেক ছিটমহলে জরুরি ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সূত্রে জানা গেল, তাকে আমরা সানন্দে স্বাগত জানাই। কেননা, যেকোনো জনপদের উন্নয়নের বুনিয়াদ রচিত হয় শিক্ষাবিস্তারের মাধ্যমে। প্রাথমিক শিক্ষা তার প্রথম ধাপ।
১২ ছিটমহলে প্রাথমিক বিদ্যালয় হচ্ছেউল্লিখিত জেলাগুলোর অন্তর্ভুক্ত সাবেক ছিটমহলগুলোর বিভিন্ন গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এ প্রসঙ্গে বলা দরকার, কেবল অবকাঠামো নির্মাণ করা হলেই মানসম্পন্ন শিক্ষাদান নিশ্চিত করা যায় না। পর্যাপ্তসংখ্যক যোগ্য শিক্ষক নিয়োগও নিশ্চিত করতে হবে। ওই প্রত্যন্ত গ্রামগুলোতে বসবাস করবেন এবং আন্তরিকভাবে শিশুদের শিক্ষাদানে নিবেদিত থাকবেন—এমন শিক্ষক পাওয়া সম্ভবত কঠিন হবে। এই সমস্যা কিছুটা লাঘব হতে পারে নিকটবর্তী এলাকাগুলোর প্রাথমিক শিক্ষকদের ওই সব বিদ্যালয়ে পদায়ন করা হলে।
শুধু শ্রেণিকক্ষ নির্মাণ ও শিক্ষক নিয়োগই নয়, শিশুদের বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করার উদ্যোগও নিতে হবে। দেশের অন্যান্য অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে এখন প্রায় শতভাগ শিশু ভর্তি হয়। সাবেক ছিটমহলগুলোতেও যেন তা ঘটে, সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। তা ছাড়া শিশুরা যেন বিদ্যালয় থেকে ঝরে না যায়, সে জন্য তাদের মা-বাবার মধ্যে সচেতনতা সৃষ্টিমূলক উদ্যোগও নেওয়া প্রয়োজন। ব্যাপকভিত্তিক উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে সাবেক ছিটমহলগুলোর শিশুদের শিক্ষার মূলধারায় যুক্ত করা দরকার।