স্পেকট্রাম দুর্ঘটনার আট বছরের ব্যবধানে সাভারে ভবনধসের আরও বেশি মর্মস্পর্শী ঘটনা প্রমাণ করে যে, দরিদ্র নারী কর্মীনির্ভর পোশাকশিল্পের নিরাপত্তাব্যবস্থা এখনো যথেষ্ট ভঙ্গুর। স্পেকট্রামের মতো সাভারেও ভবন ধসল প্রধানত নির্মাণজনিত ত্রুটির জন্য। ত্রুটিপূর্ণ ভবন নির্মাণে সাভার কোনো ব্যতিক্রম নয়। কিন্তু সাভারে যা ঘটেছে তা রোধ করা সম্ভব ছিল। এটা নেহাত কোনো দুর্ঘটনাজনিত মৃত্যু নয়। মানুষের জানমাল রক্ষায় মালিকপক্ষ ও সরকারি কর্মকর্তারা কতটা পাষণ্ড ও দায়িত্বজ্ঞানহীন হতে পারেন, সাভার তার দৃষ্টান্ত। ২৩ এপ্রিল ভবনটিতে ফাটল ধরার পরে আতঙ্কিত লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপ আশা করেছিলেন। তিনি দায়িত্বহীনতার সঙ্গে ভবনটি ঝুঁকিপূর্ণ নয় বলে সনদ দেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শ্রমিকেরা কাজে যোগ দিতে চাননি, তাঁদের বাধ্য করা হয়েছে। এই ঘটনার জন্য ভবনের মালিক, যিনি যুবলীগের নেতা, ইউএনও এবং পোশাকশিল্পের মালিকদের দায় চিহ্নিত এবং তাঁদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। স্পেকট্রাম আমরা ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি তাজরীনসহ তৈরি পোশাকশিল্প খাতে সংঘটিত বিয়োগান্ত ঘটনাগুলো। সাভারও হয়তো বিস্মৃতির অতলে হারিয়ে যাবে। কারণ, জাতীয় রাজনীতিতে এসব ঘটনার প্রতিরোধ বা প্রতিকারের জায়গা নেই। গতকাল দুর্ঘটনা-পরবর্তী উদ্ধারকাজেও অভিজ্ঞতা বা অধিকতর যোগ্যতার ছাপ দেখা যায়নি। আমরা যেকোনো দুর্যোগের মোকাবিলায় জনপ্রশাসনের কাছ থেকে প্রস্তুতি আশা করি। সরকারের উচিত হবে ইউএনওর সিদ্ধান্তকে কেবলই ব্যক্তিগত হঠকারিতা হিসেবে গণ্য না করা। এটি জনপ্রশাসনের সমষ্টিগত ব্যর্থতা। এর দায়দায়িত্বও ঠিক সেই বিবেচনায় নির্দিষ্ট করতে হবে। সাধারণত পোশাকশিল্পে দুর্ঘটনা হলে মালিকদের ওপর তার দায় চাপিয়ে রাষ্ট্রকে দায়িত্ব এড়াতে দেখা যায়। জাতীয় শোক দিবস ঘোষণা করেই সরকার দায়িত্ব শেষ করতে পারে না। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে অবশ্যই উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। তবে দুর্গত ব্যক্তিদের পাশে দাঁড়াতে মানবতার যে জাগরণ আমরা লক্ষ করেছি, তাকে সাধুবাদ জানাই। এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান দুর্গত ব্যক্তিদের সেবা প্রদানে নজির স্থাপন করেছে। আশা করি, দুর্যোগ মোকাবিলায় সরকারি সংস্থাগুলো কতটা যোগ্যতা ও দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে পেরেছে বা সামর্থ্য অর্জন করেছে, সেটা বিশ্লেষণ করা হবে এবং সে অনুযায়ী সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে গড়ে তোলা হবে।ভবন নির্মাণে যেসব ত্রুটিবিচ্যুতি ঘটেছে, সেগুলো চিহ্নিত করতে একটি শক্তিশালী তদন্ত কমিটি হওয়া উচিত। ইউএনও ও ভবনের মালিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু গ্রেপ্তার নয়, দেশবাসী বিচারের রায় দেখতে চায়। বিদেশি পোশাক ক্রেতাদের চাপে নয়, নাগরিকের প্রতি সরকারের দায়িত্ব পালনের দিক থেকে এ বিপুল প্রাণহানির ঘটনাকে দেখতে হবে।