বাংলাদেশি নারী সমুদ্রগামী জাহাজের নাবিক হয়েছেন, বেসামরিক বৈমানিক হয়েছেন; বাকি ছিল সামরিক বিমানের বৈমানিক হওয়া। প্রথমবারের মতো বিমানবাহিনীতে সামরিক বৈমানিক হওয়ার গৌরব অর্জন করেছেন দুই নারী। এই শুভসূচনায় ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক এবং ফ্লাইং অফিসার তামান্না-ই-লুৎফিকে আমাদের অভিনন্দন ও শুভকামনা।
গতকাল বৃহস্পতিবারের প্রথম আলোয় প্রকাশিত হয়েছে এই আনন্দের সংবাদ। এই দুই নারী বৈমানিক কেবল নিজেদের যোগ্যতা ও আত্মবিশ্বাসই প্রদর্শন করেননি, বাড়িয়েছেন দেশের সম্মানও। তাঁরা এখন বিমানবাহিনীর বিভিন্ন হেলিকপ্টার স্কোয়াড্রনে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীরা অস্ত্র হাতে লড়াই করেছিলেন। তাই তাঁরা যে সামরিক বৈমানিক হবেন, তাতে আর আশ্চর্য কী!
দেশে প্রথম সামরিক নারী বৈমানিক২০০০ সালে বাংলাদেশ বিমানবাহিনী প্রথম সামরিক নারী কর্মকর্তা নিয়োগ শুরু করলেও বৈমানিক পর্যায়ে আসতে ১৪ বছর লেগে যাওয়া সন্তোষজনক ঘটনা নয়। যদিও এর মধ্যে বাংলাদেশের নারী সেনা দেশে ও জাতিসংঘ মিশনে সুনাম ও সাফল্য অর্জন করে নিয়েছেন। বাকি ছিল শুধু সামরিক যান নিয়ে আকাশে ওড়া। অবশেষে তা মসৃণভাবে দুর্ঘটনা ছাড়াই সম্পন্ন হলো, এটাই আনন্দের কথা।
দুঃখের অংশীদার সবাই হয় না। তবে আনন্দ ভাগাভাগি করে না নিলে পূর্ণভাবে চরিতার্থও হয় না। বাংলাদেশ সামরিক বাহিনী তাঁদের এই সাফল্য দেশবাসীর সঙ্গে ভাগাভাগি করে সেই আনন্দেই সবাইকে শরিক করল। একইভাবে আত্মবিশ্বাস ব্যক্তি থেকে সমষ্টিতে ছড়িয়ে যায়; কোনো একটি ক্ষেত্রে নারীর সাফল্য অন্য নারীদের যেমন উদ্দীপ্ত ও প্রত্যয়ী করে তুলবে, তেমনি তা সব বাংলাদেশিকেই প্রেরণা দেবে।
রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে নারী-পুরুষে অংশীদারি জীবনই প্রগতি। যত বেশি ক্ষেত্রে নারী তাঁর প্রাপ্য ও নির্ধারিত শূন্যস্থান গ্রহণ করবেন, ততই জীবন ও পেশায় নারী তাঁর নিজস্ব অবদান দিয়ে দেশকে এগিয়ে নেবেন। শিক্ষা, শ্রম, স্বাস্থ্য ও রাজনৈতিক নেতৃত্বে নারীর অগ্রযাত্রারই আরেকটি মাইলফলক হয়ে থাকবে এই ঘটনা।