সামাজিক অগ্রগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সূচকে বাংলাদেশ ভারত বা পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে, এটি নতুন খবর নয়। কয়েক বছর ধরেই দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচিত। অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন সুযোগ পেলেই বাংলাদেশের এই সাফল্যের কথা দেশি-বিদেশি মানুষকে শোনান। বাংলাদেশের প্রতি এই কৃতবিদ্য অর্থনীতিবিদের বাড়তি দরদ আছে। তাঁর পৈতৃক বাড়িও বাংলাদেশের বিক্রমপুরে।
‘সার্ক উন্নয়ন লক্ষ্যসমূহ বাংলাদেশ প্রতিবেদন ২০১৩’-এ যেসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে, তা অবশ্যই আশাব্যঞ্জক। গত দুই দশকে দারিদ্র্যের হার ৫৬ দশমিক ৭ থেকে ৩১ দশমিক ৫ ভাগে নামিয়ে আনা, কিংবা গড় আয়ু ১০ বছর বৃদ্ধি পাওয়া অনুল্লেখ্য নয়। অনুরূপ অগ্রগতি হয়েছে শিশুমৃত্যু ও মাতৃমৃত্যু হার কমানো, পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নয়ন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণেও। কিন্তু আমরা যেসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি লাভ করতে পারিনি, তা হলো মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা জিডিপি। অন্য অনেক ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকলেও জিডিপিতে পিছিয়ে রয়েছে। জিডিপির সঙ্গে জনসংখ্যা ও কর্মসংস্থানের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি জনসংখ্যা আরও কমিয়ে আনতে পারি এবং কর্মসংস্থান বাড়াতে পারি, তাহলে সামাজিক খাতগুলোর সূচকেও সুফল পাওয়া যাবে।
সামাজিক সূচকে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তারা শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছেন। প্রতিবেশী দেশগুলোর তুলনায় শিক্ষা খাতে আমাদের বিনিয়োগ তুলনামূলক কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে অন্যান্য দেশের প্রতি সামরিক ব্যয় কমানোর যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বান বাংলাদেশের প্রতিও প্রযোজ্য। দেশে সামরিক খাতসহ সব অনুৎপাদনশীল খাতে ব্যয় কমিয়ে শিক্ষা খাতে ব্যয় বাড়ালে জাতি দীর্ঘ মেয়াদেই তার প্রতিদান পাবে। ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের কিংবা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার স্বপ্ন পূরণের জন্য সামাজিক খাতে চলমান অগ্রগতি ধরে রাখাই যথেষ্ট নয়, যেতে হবে আরও বহুদূর।