সামাজিক অসমতার চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবসম্পদ উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রগতি যখন দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলাদেশ চমকে দেওয়ার মতো উন্নয়ন করেছে বলে স্বীকৃতি দিয়েছেন, তখন ২৩ শতাংশ শিশুর বিদ্যালয়ের বাইরে থাকার খবরটি উদ্বেগজনকই বটে। রাষ্ট্রের পরিচালকেরা শিশুদের জাতির ভবিষ্যৎ বলে হরহামেশা প্রচার চালালেও তাদের শিক্ষাসহ ন্যূনতম মৌলিক অধিকার নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন বলে মনে হয় না। গত বুধবার প্রকাশিত ‘শিশু সমতা মানচিত্র: সামাজিক বঞ্চনার ক্ষেত্রসমূহ’ শীর্ষক প্রতিবেদনে যে তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে, তাতে সমাজের অসমতারই চিত্রই ফুটে উঠেছে। প্রতিবেদনটি যৌথভাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) ও ইউনিসেফ তৈরি করেছে। ফলে এর যথার্থতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ কম। শিশু সমতা মানচিত্রে আমরা অগ্রগতির চেয়ে চমকে দেওয়া অধোগতির প্রতিচ্ছায়া দেখতে পাই। এতে বলা হয়েছে, ভালো কাজের সুনাম আছে এমন উপজেলাগুলোতে শতকরা ১০ শতাংশ শিশু বিদ্যালয়ে যায় না। আর ভালো কাজের সুনাম নেই এমন উপজেলাগুলোতে ৪৫ শতাংশ শিশু বিদ্যালয়বিমুখ। এ ছাড়া বাল্যবিবাহের হারও উদ্বেগজনক। বর্তমানে ১৫ থেকে ১৯ বছরের মধ্যে এক-তৃতীয়াংশ মেয়ের বিয়ে হয়, ২০০১ সালে যা ছিল ৩৭ শতাংশ। এই পরিসংখ্যানে সরকারের নীতিনির্ধারকেরা আত্মপ্রসাদ লাভ করলেও দেশবাসী দেখছে উন্নয়নের শম্বুক গতি হিসেবে। এই ধারা চলতে থাকলে প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে আমরা আরও পিছিয়ে পড়ব। অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির যুগে সারা বিশ্বেই শিক্ষার হার দ্রুত বাড়ছে। শিক্ষার প্রসারে সেই সুযোগটিও আমাদের কাজে লাগাতে হবে। ভবিষ্যতের কথা ভেবে দেশের প্রত্যেক শিশুকে বিদ্যালয়মুখী করতে যা যা প্রয়োজন, সেই কাজটি সরকারকে করতে হবে। এ ব্যাপারে তারা প্রয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সহায়তা নিতে পারে। নীতিনির্ধারকদের বুঝতে হবে, শিশুর সামাজিক বঞ্চনা অক্ষুণ্ন রেখে কিংবা বাল্যবিবাহের অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে না পারলে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন কখনোই পূরণ হবে না।