সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত ব্যক্তিদের একজন ফরিদুল ইসলাম ওরফে আকাশ নব্য জেএমবির ঢাকা বিভাগের ‘অপারেশন কমান্ডার’ ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দাবি, তামিম চৌধুরী নিহত হওয়ার পর এই আকাশ সংগঠনটির নেতৃত্ব দিচ্ছিলেন। গত ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সন্ত্রাসবাদ দমনে যেভাবে তৎপর হয়ে উঠেছে, তার ফলে এ দেশে সক্রিয় উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর কাছে কঠোর বার্তা পৌঁছে যাওয়ার কথা। তবে সেই বার্তায় ভয় পেয়ে বা হতাশ হয়ে তারা যে নিষ্ক্রিয় হয়ে পড়েনি, তা পরিষ্কার হলো শনিবারের পুলিশ-র‍্যাবের অভিযানে ১১ জন সন্দেহভাজন উগ্রপন্থী নিহত হওয়ার ঘটনার মধ্য দিয়ে। যদিও এই সময়ের মধ্যে আর কোনো সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেনি, তবু এটা কিছুটা লক্ষ করার বিষয় যে দেশজুড়ে কড়া গোয়েন্দা নজরদারি ও প্রবল পুলিশি অভিযানের মধ্যেও উগ্রপন্থীদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ হয়নি। তাই উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর অভিযান অব্যাহতভাবে চালিয়ে যাওয়া প্রয়োজন।

র‍্যাব-১২-এর অধিনায়ক শাহাবুদ্দিন খান সংবাদমাধ্যমকে বলেছেন, তাঁদের ধারণা, এই জঙ্গিরা আসন্ন দুর্গাপূজা ও আশুরার অনুষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক প্রাণহানি ঘটানোর পরিকল্পনা করছিল। সেদিক থেকে পুলিশ-র‍্যাবের এই অভিযান স্বস্তিদায়কই বটে। তবে সতর্ক থাকার প্রয়োজনীয়তা এখনো শেষ হয়ে যায়নি। এই দুটি ধর্মীয় উৎসবের সময় কিছু নির্দিষ্ট স্থানে বিপুলসংখ্যক মানুষের সমাবেশ ঘটে; তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব সময় সজাগ ও সতর্ক থাকতে হবে।

উগ্র ধর্মীয় সন্ত্রাসবাদ দমনের জন্য শুধু পুলিশি অভিযান ও আইনের প্রয়োগই যথেষ্ট হবে না। এর বিরুদ্ধে সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সব ধরনের উগ্রপন্থার বিপরীতে উদার ও পরমতসহিষ্ণু বুদ্ধিবৃত্তিক চর্চাকে উৎসাহিত করতে হবে।