সামাজিক প্রতিরোধের সাহস ফেরাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধপ্রবণতার সঙ্গে বন্যারোধী বেড়িবাঁধে সৃষ্ট ফাটল কিংবা ক্ষুদ্র ছিদ্রের সূক্ষ্ম সাদৃশ্য আছে। গোড়ায় সেই ছিদ্র বা ফাটল বন্ধ করা না গেলে তা পানির তোড়ে ক্রমে বিস্তৃত হয়। তখন পানিপ্রবাহ অপ্রতিরোধ্য হয়ে ওঠে। সেই ফাটল তখন এমন বৃহৎ পরিসর লাভ করে যে তা সামাল দেওয়া তখন দুরূহ হয়ে ওঠে। পাড়া–মহল্লার বখাটে গোষ্ঠীর উচ্ছৃঙ্খলতাও সামাজিক শৃঙ্খলা নামক বাঁধের গায়ে সৃষ্ট অতি সূক্ষ্ম ফাটলের মতো। শুরুতে সেই উচ্ছৃঙ্খলতাকে সস্নেহে উপেক্ষা করে গেলে একপর্যায়ে যে তা দুর্নিবার ও দুর্বিনীত পরিণতির দিকে চলে যায়, তা চলতি সপ্তাহের গোড়ায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনে দল বেঁধে দলবদ্ধ ধর্ষণ করার ঘটনা আরও একবার মনে করিয়ে দিয়েছে।

গত শনিবার প্রকাশ্যে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সেখানে দল বেঁধে ধর্ষণ করা হয়েছে। ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় স্বামী ও স্ত্রী উভয়েই আর্তচিৎকারে ঘটনাস্থলে থাকা মানুষের সাহায্য প্রার্থনা করেছিলেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা স্থানীয় জনমানসে অনেক আগে থেকেই এমন আতঙ্ক বিস্তার করে রেখেছিল যে ভুক্তভোগীদের কেউ উদ্ধার করতে যাওয়ার সাহস পাননি। পরে হতভাগ্য স্বামী জাতীয় জরুরি পরিষেবা ব্যবস্থা ৯৯৯-এ ফোন করার পর স্ত্রীকে উদ্ধার করে এবং অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পত্রিকার পাতায় প্রায়ই বিভীষিকাময় দলবদ্ধ ধর্ষণের যেসব খবর দেখা যায়, এ ঘটনা তাতে নতুন মাত্রা যুক্ত করেছে। এখানে সবার সামনে একজন নারীকে কয়েকজন বখাটে তুলে নিয়ে গেছে এবং তাঁকে উদ্ধার করতে এগিয়ে গেলে বিপদে পড়তে হবে, এমন ভয়ে কেউ এগিয়ে আসতে পারেনি।

অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় আগে থেকেই কী মাত্রায় আতঙ্ক বিস্তার করে রেখেছিল, তা এ অবস্থা থেকে সহজেই আন্দাজ করা চলে। অভিযুক্ত ব্যক্তিদের ভয়ে যে সেখানে কেউ মুখ খোলার সাহস পেত না, তা ঘটনার বিবরণে স্পষ্ট হয়েছে। সুতরাং এ পৈশাচিক অপরাধের দায় শুধু এক দল বখাটের ঘাড়ে চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। এটি যে সামাজিক নেতৃত্ব ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপেক্ষা কিংবা আশকারার অনিবার্য ফল, তাতে আর সন্দেহ নেই।

তবু ভালো, শেষ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের অন্তত দুজন আইনের করতলগত এবং আরেকজনের গ্রেপ্তারের আশা জোরালো হয়েছে। এখন তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করা দরকার। পাশাপাশি এ শ্রেণির বখাটে সম্প্রদায়ের বখাটেপনাকে অঙ্কুরেই নিয়ন্ত্রণ করাকে অগ্রাধিকার দেওয়া দরকার।