বাংলাদেশে গণপিটুনিতে মানুষ হত্যা করার প্রবণতা অনেক দিনের। সেদিক থেকে সিলেটে ১৪ বছর বয়সী শেখ মো. সামিউল আলম ওরফে রাজন হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। তবে একটি শিশুর ওপর চালানো নৃশংসতা এবং তার হত্যাকাণ্ডের পর ইন্টারনেটের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদমাধ্যম ও সমাজে যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে, তা বরাবরের তুলনায় বেশ তীব্র। এটা সমাজের সংবেদনশীলতার লক্ষণ এবং এই সংবেদনশীলতা গুরুত্বপূর্ণ।
কিন্তু সিলেটের সংশ্লিষ্ট থানার পুলিশ প্রথম দিকে এই হত্যাকাণ্ডকে গুরুত্ব দেয়নি; নিহত সামিউলের দরিদ্র ও অসহায় বাবার অভিযোগ, তিনি থানায় অভিযোগ করতে গেলে তাঁকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন। এলাকাবাসী প্রধান আসামিকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে এবং এখন পুলিশ অন্যদের গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
এটা খুব স্পষ্ট যে আসামিদের ধরার ব্যাপারে পুলিশের এই তৎপরতা গণমাধ্যমে ও সমাজে পরিস্ফুট জনমতের প্রবল চাপের তাৎক্ষণিক ফল। জনগণের ক্ষোভের প্রকাশ হ্রাস পেলে সামিউলের হত্যাকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগে যেন কোনো ধরনের শৈথিল্য দেখা না দেয়, সেটা নিশ্চিত করা জরুরি।
সামিউলের মা-বাবা দরিদ্র, প্রভাব-প্রতিপত্তিহীন অসহায় মানুষ; তাঁদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে রাষ্ট্রকেই। সামিউলের হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ, সেই মামলা দক্ষভাবে লড়তে হবে পুলিশকেই। আসামিদের শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ হাজির করে আদালতে অপরাধ প্রমাণ করার দায়িত্ব তাদেরই। পুলিশ যেন পরিপূর্ণ সততা ও আন্তরিকতার সঙ্গে এটা করে, তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন।
সামিউলের নৃশংস হত্যাকাণ্ড গোটা জাতিকে ভীষণভাবে ক্ষুব্ধ করেছে। অনেকের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় আইন প্রয়োগব্যবস্থার প্রতি অনাস্থা ও হতাশার প্রকাশ ঘটছে। অনাস্থা ও হতাশা দূর করতে হলে এই নৃশংস হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে হবে; দ্রুত বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়েই শুধু তা হতে পারে।
আরও পড়ুন