ঢাকার গুলশানে ও শোলাকিয়ায় ঈদের জামাতে পরপর দুটি জঙ্গি হামলার ঘটনা আমাদের স্তম্ভিত ও হতবাক করেছে। এটা মানতেই হবে যে, গুলশানের অভিজাত কূটনৈতিক এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে যেভাবে রক্তপাত ঘটল, তা ছিল অভাবনীয়। এত অল্প বয়সের তরুণদের দ্বারা এমন বর্বরতা ও নাশকতার ঘটনা আমাদের ইতিহাসে এই প্রথম। এর সঙ্গে দেশের নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানোর প্রশ্ন যেমন আছে, তেমনি সচ্ছল পরিবারের নামীদামি স্কুল ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া অল্প বয়সী তরুণদের মনোজগতে কীভাবে জঙ্গি-দর্শনের অনুপ্রবেশ ঘটল এবং এসব মোকাবিলায় মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কী পদক্ষেপ নেওয়া যায়, সেটাও একই সঙ্গে বিবেচনায় নেওয়া অপরিহার্য।
সাম্প্রতিক জঙ্গি হামলার ভয়াবহতা বিবেচনায় নিয়ে আমরা মনে করি এ ব্যাপারে এমন একটি বিশেষ তদন্তের উদ্যোগ নেওয়া সমীচীন, যার মাধ্যমে শুধু ঘটনা তদন্ত বা কারণ উদ্ঘাটন নয়, বরং পরিস্থিতি মোকাবিলায় ভবিষ্যৎমুখী একটি দিকনির্দেশনাও পাওয়া যাবে। ১৯৫৬ সালের তদন্ত কমিশন আইনের আওতায় সরকার চাইলে এ ব্যাপারে একটি তদন্ত কমিশন গঠন করতে পারে। তবে এ ধরনের কমিশনের ক্ষেত্রে আমাদের অতীত অভিজ্ঞতা খুব ভালো, এমন বলা যাবে না। ময়মনসিংহে চারটি সিনেমা হলে একযোগে বোমা হামলা এবং ২১ আগস্টে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার মতো ঘটনায় বিচার বিভাগীয় কমিশন গঠনের অকার্যকারিতা আমরা স্মরণ করতে পারি। কিন্তু এখন সময় এসেছে অতীতের ব্যর্থতা কাটিয়ে নতুন উদাহরণ তৈরি করার।
একটি কার্যকর তদন্ত কমিশন গঠনের জন্য তাই আমরা মনে করি এক সদস্যের তদন্ত কমিশনের পরিবর্তে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের অন্তত তিনজন বিশেষজ্ঞের সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠন করা যায়। তদন্ত কমিশন আইনের আওতায় গঠিত এই কমিশন একটি দেওয়ানি আদালতের ক্ষমতাসম্পন্ন হিসেবে সাক্ষ্য–প্রমাণ হাজির ও শুনানি করতে সক্ষম থাকবে। তবে শুধু কমিশন গঠন নয়, তারা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে সে জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য অফিস ও দরকারি লোকবলের ব্যবস্থাও করতে হবে।