সাময়িক বহিষ্কারই একমাত্র শাস্তি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যান্য ক্ষেত্রে যেমনটি হয়েছে, এবারও ব্যতিক্রম কিছু হয়নি। কম্পিউটার চুরির ঘটনায় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পলাশ শরীফের নাম আসার পর গোপালগঞ্জ সদর যুবলীগ তাঁকে সাময়িক বহিষ্কার করেছে।

ঈদুল আজহার ছুটির মধ্যে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৪৯টি কম্পিউটার চুরি হয়। গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হোটেল থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার এবং দুলাল মিয়া ও হুমায়ুন কবির নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীকালে গোপালগঞ্জ থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারী কর্মকর্তা বলেছেন, যুবলীগ নেতা পলাশ শরীফই কম্পিউটার চুরির হোতা। পলাশ শরীফ এখনো পলাতক। তবে চুরির দায়ে তাঁর এক আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে, যিনি আবার ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র।

যুবলীগ নেতা পলাশ শরীফের বিরুদ্ধে এটিই একমাত্র অভিযোগ নয়। এর আগে ডিশ ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে তিনি ব্যবসায়িক অংশীদারের চার কিলোমিটার দীর্ঘ কেব্‌ল কেটে নিয়েছেন বলে অভিযোগ আছে। ক্ষমতার রাজনীতিতে তিনি কেবল যুবলীগ নেতাই নন, গত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। তাঁর বড় ভাই গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও।

বিশ্ববিদ্যালয়ের মতো সুরক্ষিত এলাকায় কীভাবে এই চুরির ঘটনা ঘটল? গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় ২৯ জন নিরাপত্তারক্ষী নিয়োজিত আছেন। যে ভবনে চুরির ঘটনা ঘটেছে, সেই লাইবব্রেরি এলাকায় সাতজন নিরাপত্তারক্ষী থাকার কথা, ঘটনার সময় একজনও ছিলেন না। এটি কি কাকতাল না পরিকল্পিত? নিরাপত্তারক্ষীদের কেউ চুরির সঙ্গে যুক্ত ছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা দরকার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করেছে। এই বিশ্ববিদ্যালয়ে এটাই প্রথম চুরির ঘটনা নয়। ২০১৮ সালেও ১০০টি কম্পিউটার চুরি হয়েছিল। সে সময়েও গঠিত তদন্ত কমিটি চুরির রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি। এবার পুলিশ কিছু কম্পিউটার উদ্ধার ও সাত অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। কিন্তু চুরির মূল হোতাকে গ্রেপ্তার করতে না পারলে বাকি কম্পিউটার উদ্ধার ও অপরাধীদের শাস্তি আশা করা যায় না। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বারবার কম্পিউটার চুরি হবে, তা বরদাশত করা যায় না। প্রয়োজনে নিরাপত্তারক্ষী বাড়াতে হবে।

ক্ষমতাসীন দলের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস কিংবা চুরির অভিযোগ উঠলেই সংগঠন থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত আসে। এটা ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রেওয়াজে পরিণত হয়েছে। এর মাধ্যমে অপরাধীদের শাস্তি দেওয়া হচ্ছে না আশকারা, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।