১৫ মাস হতে চলল সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। নিয়মবদ্ধ পড়াশোনা থেকে বিচ্ছিন্ন ছাত্রছাত্রী। অটো প্রমোশন নামের সহজ একটা দাওয়াই অবশ্য আমরা বের করেছি, কিন্তু তার কার্যকারিতা কি একবারও ভেবেছি? পড়াশোনা তো একটা চেইনের মতো। পঞ্চম শ্রেণির অঙ্ক পুরোটা যে করল না, অটো প্রমোশন দিয়ে ষষ্ঠ শ্রেণিতে হয়তো তাকে উঠিয়ে দিলাম, কিন্তু আগের ক্লাসের অঙ্কের নিয়ম না জেনে নতুন পাঠক্রম কি সে আত্মস্থ করতে পারবে? আর স্কুল তো শুধু গ্রন্থগত বিদ্যাচর্চার জায়গা নয়, পড়াশোনার বাইরেও সেখানে আরও অনেক কিছু শেখানো হয়। তারা সামাজিকীকরণ শেখে, শেখে নিয়মশৃঙ্খলা, শরীরচর্চা ও খেলাধুলা, করে সাংস্কৃতিক চর্চা। প্রায় সোয়া বছর ধরে এসব ধরনের কর্মকাণ্ড থেকেই তারা বঞ্চিত। এর সুদূরপ্রসারী প্রভাব কী হতে পারে, আমরা জানি না।
বিকল্প হিসেবে অনেক স্কুলই অনলাইন বা দূরশিক্ষণের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু আমাদের শিক্ষার্থীদের খুব সামান্যরই এ সুবিধা ব্যবহারের উপযোগী প্রযুক্তি আছে। মোটকথা বিদ্যমান আর্থসামাজিক ব্যবস্থায় এ পদ্ধতি আমাদের দেশের জন্য এখনো সর্বজনীন নয়। উল্টো এটা মনে হয় আমাদের মধ্যে আরও শিক্ষাবৈষম্য জন্ম দিচ্ছে। তাহলে উপায় কী?
উপায় একটা বের করেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যালয়। বাচ্চারা যেহেতু স্কুলে আসতে পারছে না, স্কুল নিয়ে তারাই বাচ্চাদের কাছে যাচ্ছে। উপজেলার ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৭ হাজারের মতো ছাত্র পড়াশোনা করে। আর তাদের পড়ানোর জন্য আছেন ৫২৭ জন শিক্ষক। এর মধ্য থেকে বয়স্ক ও অসুস্থ বাদে প্রায় ৪০০ শিক্ষককে ২০০টি দলে ভাগ করেছেন তঁারা। ২১ মে থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে গ্রামে গ্রামে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন তাঁরা। কারও খোলা উঠানে স্বাস্থ্যবিধি মেনে ছাত্রদের জড়ো করছেন। তারপর সকাল থেকে বিকেল, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চলে পাঠদান। শিটের মাধ্যমে এক সপ্তাহের পড়া বুঝিয়ে দেওয়া হয়। পরের সপ্তাহে সেই পড়া আদায় করে আবার নতুন পড়া দেওয়া হয়।
এ রকম একটা ব্যবস্থা সারা দেশে, বিশেষ করে গ্রামে গ্রামে যেখানে প্রযুক্তিসুবিধা কম কিন্তু মাঠ বা খোলামেলা জায়গা বেশি সেখানে চালু করা যায় কি না, এটা ভেবে দেখার সময় মনে হয় হয়েছে। সামনে যদি স্কুল–কলেজ খুলে দেওয়াও হয়, তাহলেও পরবর্তী কোনো আপৎকালের জন্য এখন থেকেই কার্যক্রমটির উপযোগিতা যাচাই করে দেখা যায়। আর করোনার ছুটি যদি আরও প্রলম্বিত হয়, তাহলে এবারই দ্রুত কার্যক্রমটি যাচাই–বাছাই করে দেখা উচিত।