গেল বছর ঈদের আগে হলি আর্টিজানে জঙ্গিদের নজিরবিহীন নৃশংসতা ও শোলাকিয়ায় ঈদের জামাতে হামলার পর এবারের ঈদ নিয়ে সর্বস্তরের মানুষের মনে কিছুটা উদ্বেগ ছিল। কী হয় না হয়, সে নিয়ে জনমনে ছিল উৎকণ্ঠা। শেষ পর্যন্ত কোনো অঘটন ছাড়াই সারা দেশে ঈদ উদ্যাপিত হওয়ায় জনমনে খানিকটা স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে।
প্রতিবারই দেখ যায়, ঈদকে কেন্দ্র করে চুরি, ছিনতাই, ডাকাতির সংখ্যা বেড়ে যায়। মলম পার্টি, অজ্ঞান পার্টি নামে তৎপর হয়ে ওঠে অপরাধী চক্র। কখনো কখনো এরা এতটাই নৃশংস হয়ে ওঠে যে তাদের হাতে অনেককে জীবন দিতে হয়। এবার সেই অপরাধী চক্রের তৎপরতা কম ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাব্যক্তিরা আগেই ঘোষণা দিয়েছিলেন, জননিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সবকিছু তাঁরা করবেন। কিন্তু এতেই আত্মতৃপ্তির অবকাশ আছে বলে মনে হয় না। হলি আর্টিজান ট্র্যাজেডির বার্ষিকী সামনে রেখে তঁাদের নজরদারি আরও বাড়াতে হবে।
ঈদের দুদিন আগে সিমেন্টবাহী ট্রাকে চড়ে বাড়ি ফেরার পথে ১৭ জন দরিদ্র শ্রমজীবী মানুষের প্রাণহানির ঘটনা বেশ নাড়া দিয়েছিল। সেই প্রেক্ষাপটে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সজাগ থাকার পরও গত তিন দিনে মৃত ব্যক্তির সংখ্যা ২৩-এ পৌঁছেছে। গতবার এই সংখ্যা অবশ্য ছিল আরও অনেক বেশি।
দেশের মধ্যশ্রেণির বড় অংশের বাস শহরে হলেও তাঁরা নাড়ির টানে স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামে যান। অনেক সময় দেখা যায়, বাস, ট্রেন ও লঞ্চের ছাদে চড়ে তাঁরা দূরের পথ পাড়ি দেন। এতে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা থাকে। আনন্দ পরিণত হয় বিষাদে। এ ক্ষেত্রে সরকারের যেমন দায়িত্ব আছে, তেমনি জনসচেতনতারও প্রয়োজন অস্বীকার করা যায় না। এবারের ঈদের শিক্ষা হলো একটু সচেতন বা সজাগ হলে প্রাণহানির সংখ্যা কমানো কঠিন নয়।
অন্যান্য অঞ্চলের মানুষ মোটামুটি আনন্দের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পারলেও হাওরে বন্যায় যাঁদের ফসল বিনষ্ট হয়েছে এবং চট্টগ্রাম অঞ্চলে যাঁরা পাহাড়ধসের শিকার হয়েছেন, তাঁদের কাছে ঈদ ছিল অনেকটা নিরানন্দ। নতুন জামাকাপড় কেনা দূরের কথা, একটু ভালো খাবারও অনেকে মুখে দিতে পারেননি। হাওর ও পাহাড়ের বিপন্ন মানুষগুলো এই রাষ্ট্র ও সমাজের কাছে কি আরেকটু সহানুভূতি পেতে পারতেন না?
কবে আমাদের মানবতাবোধ জাগ্রত হবে?