যখন চারপাশে মানুষের প্রতি মানুষের অমানবিক ও নিষ্ঠুর আচরণ দেখতে দেখতে গা-সওয়া হয়ে গেছে, তখন সিএনজিচালিত অটোরিকশাচালক সারোয়ার হোসেন আমাদের সামনে এক মহৎ নজির স্থাপন করে গেলেন। নিজের জীবনের বিনিময়ে দুই তরুণকে বাঁচালেন।
প্রকাশিত খবরে জানা যায়, গত সোমবার কয়েকজন শিক্ষার্থী রাজধানীর উপকণ্ঠে বাড্ডা এলাকার ধামাইখালে গোসল করতে যান। তাঁদের কেউ সাঁতার জানতেন, কেউ জানতেন না। সাব্বির নামে এক তরুণ স্রোতের তোড়ে গভীর পানিতে চলে গেলে তাঁকে বাঁচাতে গিয়ে রাজু পান্ডে নামে আরেক তরুণও ডুবে যান। দুই তরুণের ‘বাঁচাও’ ‘বাঁচাও’ আকুতি শুনে তীরে থাকা সারোয়ার হোসেন খালে ঝাঁপ দিয়ে তাঁদের উদ্ধার করলেও নিজে তীরে উঠতে পারেননি। চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে সারোয়ারের লাশ উদ্ধার করেন।
এই মৃত্যু একদিকে বেদনার; আরেকদিকে মহত্ত্বের। একজন সাধারণ মানুষ, যিনি অটোরিকশা চালিয়ে জীবন নির্বাহ করতেন, বাড্ডা-বেরাইদ সড়ক বন্ধ থাকায় যিনি সম্প্রতি বেকার হয়ে পড়েছিলেন, তাঁর এই আত্মত্যাগ আমাদের অভিভূত করে। উদ্ধার পর্বের শেষ দিকে যখন তীরের লোকজন একটি বল পানিতে ছুড়ে মারে, সারোয়ার সেই বলটি নিজে না নিয়ে পাশের তরুণের দিকে ঠেলে দিয়ে তাঁকে বাঁচালেন। সারোয়ার নিজের জীবন দিয়ে জানিয়ে গেলেন মানুষ মানুষের জন্য।
আমরা সারোয়ারকে ফিরে পাব না। কিন্তু তাঁর আত্মত্যাগের এই উদাহরণ মানুষের হিতৈষী চেতনাকে উজ্জীবিত রাখবে আশা করি। সারোয়ারের পরিবারের প্রতি রাষ্ট্র ও সমাজেরও দায়িত্ব আছে। কেননা, এঁরাই বাংলাদেশের প্রকৃত নায়ক। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার বিত্তবান মানুষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
এ ঘটনা থেকে আমাদের আরও একটি শিক্ষণীয় দিক আছে। প্রত্যেক বাবা-মায়ের উচিত ছেলেমেয়েকে সাঁতার শেখানো। সাঁতার না জানা কেউ যাতে খাল বা পুকুরে না নামে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।