সার্ক শীর্ষ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠমান্ডুতে অনুষ্ঠিত অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘শান্তি ও সমৃদ্ধির জন্য অধিকতর প্রয়াস’। দুই দিনের এই সম্মেলনে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা এ অঞ্চলের মানুষের শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁদের এই প্রত্যয় তখনই অর্থবহ হবে যখন মানুষ এর বাস্তবায়ন দেখতে পাবে। ১৮টি শীর্ষ সম্মেলন ছাড়াও সার্কের বিভিন্ন ফোরামে সহযোগিতা নিয়ে ভূরি ভূরি কথা হয়েছে। এবার কাজ করে দেখাতে হবে। 
সম্মেলন শেষে প্রকাশিত ৩৬ দফা কাঠমান্ডু ঘোষণায় যে শাসন-প্রক্রিয়ার প্রতিটি স্তরে জবাবদিহি, স্বচ্ছতা এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়নের কথা বলা হয়েছে, তা সংশ্লিষ্ট দেশের নেতারা প্রতিপালন করবেন কি না, সেটাই এখন দেখার বিষয়। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের পর প্রথমবারের মতো সামুদ্রিক অর্থনীতির বিষয়টি সার্ক ঘোষণায় অন্তর্ভুক্ত হওয়া বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই সমুদ্রসম্পদের সুফল জনগণ পাবে কি না, তা নির্ভর করছে নেতৃত্বের সততা ও বিচক্ষণতার ওপর।
অনেক নাটকীয়তার পর এবার সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে একটি চুক্তি সই হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ও সচিব পর্যায়ে এ ব্যাপারে মতৈক্য না হওয়ায় শেষ মুহূর্তে শীর্ষ নেতারা অনানুষ্ঠানিক আলোচনায় সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। এই চুক্তিতে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন লাইন স্থাপন ও বিদ্যুৎ কেনাবেচার কথা বলা হয়েছে, যা বাংলাদেশের মতো বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতির দেশগুলোর জন্য আশীর্বাদ হতে পারে। মোটরযান ও রেল যোগাযোগের বিষয়ে তিন মাসের মধ্যে মন্ত্রী পর্যায়ে বৈঠক করে চুক্তি চূড়ান্ত করার যে সিদ্ধান্ত হয়েছে, তারও যথাযথ বাস্তবায়ন প্রত্যাশিত।
কিন্তু আমাদের এখানে থেমে থাকলে হবে না। যেতে হবে বহুদূর। আশা করি, সার্ক নেতারা দক্ষিণ এশীয় জনগণের কাছে দেওয়া তাঁদের প্রতিশ্রুতিগুলো রক্ষায় সচেষ্ট থাকবেন।