সার্বিক নিরাপত্তাব্যবস্থার ত্রুটি-বিচ্যুতি বের করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগার ঘটনাটি গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানটির অগ্নিনির্বাপণব্যবস্থাসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। ব্যাংক ভবনে বৃহস্পতিবার রাতে আগুন লাগার ঘটনাটি সত্যিই উদ্বেগজনক।
প্রথম আলোর খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ব্যাংক ভবনের ১৪ তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপকের কক্ষে আগুন লাগে। এই বিভাগ থেকে ব্যাংকগুলোর সব ধরনের বৈদেশিক ব্যবসা, ঋণপত্র খোলা ও ঋণ অনুমোদন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ দ্রুততার সঙ্গে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক হাজার বর্গফুট জায়গা। বাংলাদেশ ব্যাংকের দুটি ভবনের মধ্যে যেটিতে আগুন লেগেছে, সেই ভবনটিতেই মূলত কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ সব কাজ সম্পন্ন হয়ে থাকে। বৈদেশিক লেনদেন ও রিজার্ভের অর্থ পরিশোধের কাজে যুক্ত বৈদেশিক বাণিজ্যের সিস্টেম সুইফটের কার্যক্রমও এই ভবন থেকে পরিচালিত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভাতে বা আয়ত্তে আনতে না পারলে বড় ক্ষতি হয়ে যেতে পারত।
কেন্দ্রীয় ব্যাংক কি-পয়েন্ট ইনস্টলেশনস (কেপিআই) হিসেবে ঘোষিত একটি প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠানের নিরাপত্তার ক্ষেত্রে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। ব্যাংক এলাকায় সর্বসাধারণের চলাফেরার বিষয়টিও নিয়ন্ত্রিত। এমনকি ব্যাংকিং খাতের ব্যক্তিবর্গকে নানা প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে হলেও বিশেষ পাস সংগ্রহ করতে হয়। কিন্তু কেপিআই হিসেবে ঘোষিত একটি প্রতিষ্ঠানে নিরাপত্তার নানা বিধিবিধান কার্যকর থাকার পরও বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের সার্বিক নিরাপত্তাব্যবস্থায় যে ঘাটতি ও ফাঁকফোকর আছে, তা অনেকটাই পরিষ্কার।
অগ্নিকাণ্ডের ঘটনার পর আমরা ব্যাংক কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের তরফে যে ধরনের বক্তব্য পেয়েছি, তার মধ্যে বিভ্রান্তি রয়েছে। বোঝা যায়, এ ক্ষেত্রে সমন্বয়ের অভাব রয়েছে। অগ্নিনির্বাপণ ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। বাংলাদেশ ব্যাংক কি ওই চিঠিকে গুরুত্বের সঙ্গে নিয়েছিল?
কীভাবে এই আগুন লেগেছে, তা জানা যায়নি। এ ব্যাপারে ইতিমধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করব, কমিটি দুটি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের পাশাপাশি সামগ্রিকভাবে ব্যাংকের নিরাপত্তায় কোনো ঘাটতি বা ফাঁকফোকর আছে কি না, সেটাও বিবেচনায় নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয় সুপারিশও করবে।