সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে হিন্দুধর্মাবলম্বীদের পুণ্যস্নানের পথে পদদলিত হয়ে সাতজন নারী ও তিনজন পুরুষের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। সেই সঙ্গে আশা করছি, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধের জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হবে।
প্রতিবছর চৈত্র মাসের শুক্ল তিথির অষ্টমীতে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের ১৬টি ঘাটে অনুষ্ঠিত এই পুণ্যস্নানে লাখ লাখ মানুষ অংশ নেয়, কিন্তু পদদলিত হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনা এর আগে কখনো ঘটেনি। এবারের এসব মর্মান্তিক মৃত্যুর কারণ অন্যান্য বারের তুলনায় অতিরিক্ত লোকসমাগম—দশ লাখের বেশি; পুণ্যস্নানের লগ্ন ৪৮ ঘণ্টা থেকে কমে গিয়ে ২৪ ঘণ্টা হওয়া এবং একটি সেতু ভেঙে পড়ছে বলে আকস্মিকভাবে ছড়িয়ে পড়া গুজবের ফলে সৃষ্ট জনাতঙ্ক। এ সময় হুড়োহুড়ি, ছোটাছুটি এবং তার ফলে আতঙ্কিত শত শত মানুষের পায়ের নিচে চাপা পড়ে ১০ নারী-পুরুষের মৃত্যু ও ২০ জনের আহত হওয়ার বিবরণ প্রকাশ পেয়েছে গতকালের প্রথম আলোর প্রধান প্রতিবেদনে।

বিপুল লোকসমাগমের জায়গায় এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি কোনোভাবেই বাঞ্ছনীয় নয়, কিন্তু বিপদের ঝুঁকি সব সময়ই রয়ে যায়। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কিছু করার সুযোগ ছিল কি না, স্নান উদ্যাপন কমিটির পক্ষ থেকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছিল কি না—এসবই ভেবে দেখার বিষয়।
পুণ্যার্থীদের হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্নানঘাটের দিকে যাওয়ার সময় শৃঙ্খলা রক্ষার কাজে আরও বেশিসংখ্যক স্বেচ্ছাসেবক থাকলে ভালো হতো। দুই পাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দোকানপাট ও অন্যান্য স্থাপনার জন্য রাস্তা অনেক সরু হয়ে গেছে। এ ক্ষেত্রেও শৃঙ্খলা ও পরিকল্পনার বিষয়টি গুরুত্বপূর্ণ। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়ানোর লক্ষ্যে পুণ্যস্নান অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করতে হবে।