নাটোর জেলার লালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামে এক স্কুলছাত্রী অপহৃত হওয়ার পর এখন আসামিরা নানাভাবে মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করে চলেছে। এ ব্যাপারে স্থানীয় থানা-পুলিশের ভূমিকাও রহস্যজনক।
প্রথম আলোর নাটোর প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে জানা যায়, গত মে মাসে ফুলবাড়ী গ্রামের বাসিন্দা আবদুল জব্বার উকিল একই গ্রামের শরিফুল ইসলাম ও ফারুক হোসেনের বিরুদ্ধে ছাত্রী অপহরণের মামলা করেন এবং সেই পরিপ্রেক্ষিতে দুই আসামিকে পুলিশ গ্রেপ্তারও করে। সম্প্রতি আসামিরা জামিনে বেরিয়ে এসে বাদী আবদুল জব্বারের ওপর মামলা প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে। কিন্তু তিনি মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় তথাকথিত সালিসের নামে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়।
সালিস হলো উভয় পক্ষের সমঝোতা। সালিসে এক পক্ষ নারাজ হলে তার ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় না। অথচ কথিত সালিসের নামে সেটিই করা হয়েছে। কেবল তা–ই নয়, সালিসের পরদিন আসামিপক্ষ মাইকিং করে জানিয়ে দেয় যে আবদুল জব্বারের বা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কেউ কথা বললে এক হাজার টাকা জরিমানা দিতে হবে। এর আগে আসামিপক্ষ আবদুল জব্বারের মসুরখেতে কীটনাশক ঢেলে দিয়েছিল।
আসামিপক্ষ একটি অপরাধ ঢাকতে আরও একাধিক অপরাধের আশ্রয় নিয়েছে। আইনি লড়াইয়ে না পেরে তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে। কিন্তু এর বিরুদ্ধে স্থানীয় থানা কোনো ব্যবস্থা নেয়নি। বরং থানার মধ্যস্থতায় এই মর্মে সিদ্ধান্ত হয়েছে যে মাইকিং করার জন্য বিবাদীপক্ষ ক্ষমা চাইবে এবং বাদীপক্ষ মামলা তুলে নেবে।
যেখানে ছাত্রী অপহরণের মতো ঘৃণ্য অপরাধ জড়িত, সেখানে এ ধরনের আপসরফা মেনে নেওয়া যায় না। অপরাধের বিচার হতে হবে এবং অপরাধীদের শাস্তি পেতে হবে। বিবাদীপক্ষ যদি নিজেদের এতটাই নিষ্কলুষ মনে করে, বিচারিক প্রক্রিয়ায় সেটি প্রমাণ করুক। মামলা তুলে নিতে বাদীপক্ষকে চাপ দেওয়া কেন?