মেয়েদের বিয়ের বয়স নিয়ে সরকার যখন দ্বিধাদ্বন্দ্বে, তখন শিলাইদহের খোরশেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তমা খাতুনের সিদ্ধান্তটি নীতিনির্ধারকদের জন্য জাগরণী বার্তা হতে পারে। পঞ্চম শ্রেণিতে পড়া তমাকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তার মা-বাবা। কিন্তু তমা তাঁদের এই বলে বুঝিয়েছে যে বিয়েতে তাঁরা যে অর্থ ব্যয় করবেন সেই অর্থ পড়াশোনার জন্য ব্যয় করলেই সে নিজের জীবন গড়ে তুলতে পারবে। মা-বাবার কাছে অতিরিক্ত টাকা চাইবে না।
মা-বাবা মেয়েটির এই যুক্তি মেনে নিয়ে বিয়ের চিন্তা বাদ দিয়ে তার পড়াশোনা চালিয়ে যেতে সম্মত হন। তমা পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের মাঠে ফুটবল-ক্রিকেটও খেলে। সে স্কুলের ফুটবল দলের অধিনায়ক হিসেবে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে উপজেলার চ্যাম্পিয়নশিপের গৌরব এনে দিয়েছে। গতকাল প্রথম আলোয় স্কুলমাঠে তমার ফুটবল পায়ে যে ছবিটি ছাপা হয়েছে, তা তার মতো অন্য মেয়েদেরও খেলাধুলায় উৎসাহিত করবে।
শিলাইদহের সাহসী মেয়েদেশে তমার মতো সাহসী মেয়ের অভাব নেই; যারা একটু সাহস ও অভয় পেলে নিজেদের সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। তারা নিজের ভাগ্য নিজেরা গড়ে তুলতে পারবে। সরকার ও সমাজের দায়িত্ব অনুকূল পরিবেশ গড়ে তোলা। বেশির ভাগ ক্ষেত্রে নিরাপত্তাহীনতার কারণেই মা-বাবা অল্প বয়সে মেয়েদের বিয়ে দিতে বাধ্য হন। সরকারকেও বুঝতে হবে যে মেয়েদের বিয়ের বয়স কমিয়ে বাল্যবিবাহ সমস্যার সমাধান করা যাবে না। তাই এমন পরিবেশ গড়ে তুলতে হবে যাতে প্রত্যেক মা-বাবা নির্ভয়ে মেয়েদের স্কুল-কলেজে পাঠাতে পারেন।
সে ক্ষেত্রে দেশ কেবল বাল্যবিবাহের অভিশাপ থেকেই মুক্ত হবে না, নারীও নিজের ভাগ্য নিজে গড়ে তোলার সুযোগ পাবে। সাহসী কন্যা তমা ও তার মা-বাবাকে অভিনন্দন। আশা করি, অন্যান্য মা-বাবাও তমার মা-বাবার দৃষ্টান্ত অনুসরণ করবেন।