সি চিন পিংয়ের সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিপক্ষীয় সম্পর্কের ৪০ বছর পূর্তিতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এবারের বাংলাদেশ সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ; যদিও ২০১০ সালে দেশটির ভাইস প্রেসিডেন্ট থাকাকালে তিনি আরও একবার এখানে এসেছিলেন। সেই সময় থেকেই বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন মাত্রা পায়। প্রথম আলোতে সি চিন পিং তাঁর নিবন্ধে মৈত্রীর সেতু শক্তিশালী করার যে অঙ্গীকার ব্যক্ত করেছেন, তাতে ধারণা করা যায় যে তিনি বাংলাদেশের বন্ধুত্বকে উচ্চমূল্য দেন।
সি চিন পিংয়ের সফরে দুই দেশের মধ্যে ২৭টি বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে; উদ্বোধন হয়েছে ছয়টি প্রকল্প। আনুষ্ঠানিক বৈঠকের পর সি চিন পিং দুই দেশকে ভালো প্রতিবেশী, ভালো বন্ধু এবং ভালো অংশীদার হিসেবে অভিহিত করেছেন। প্রত্যুত্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ‘একচীন নীতি’তে জোরালো সমর্থন জানিয়ে বলেছেন, ‘আমরা খুবই ঘনিষ্ঠভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে পারস্পরিক স্বার্থে কাজ করতে ঐক্যবদ্ধ হয়েছি।’
চীন–বাংলাদেশ সহযোগিতার সোনালি সাফল্যসি চিন পিংয়ের সফর দুই দেশের সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত করবে, সন্দেহ নেই। এই সফরের মধ্য দিয়ে বাণিজ্যিক লেনদেন ও অবকাঠামোর উন্নয়নের সীমা পেরিয়ে বাংলাদেশ ও চীনের সম্পর্ক সমুদ্র অর্থনীতি, বিসিআইএম-ইসি, সড়ক ও সেতু, রেলপথ, বিদ্যুৎ, সমুদ্র, আইসিটি, শিল্পোৎপাদন, সক্ষমতা বৃদ্ধির দিগন্ত স্পর্শ করল। একই সঙ্গে দুই দেশ কৌশলগত অংশীদারত্বকে এগিয়ে নেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছে।
বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের ভূরাজনৈতিক তাৎপর্য অনেক। এটা আশার কথা যে চীন ও ভারতের ‘দুই বিশাল অর্থনীতি’র মাঝে বাংলাদেশ ধীরে ধীরে নিজের অবস্থান সংহত করে নিচ্ছে। কারও সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব আমাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হলেও অতীতে সব সময় সেই অবস্থান ধরে রাখা যায়নি। স্নায়ু যুদ্ধোত্তর বিশ্বে কোনো দিকে ঝুঁকে না পড়ে জাতীয় স্বার্থকে সর্বাধিক অগ্রাধিকারের ভিত্তিতেই আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত হতে হবে। এ ক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্যের পাল্লাই ভারী।
দল হিসেবে আওয়ামী লীগ ও বিএনপি চীনা প্রেসিডেন্টের সফরকে স্বাগত জানিয়েছে। এটাই হওয়া উচিত যেকোনো দায়িত্বশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের অবস্থান। নিকট-প্রতিবেশী হিসেবে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও গভীর। সি চিন পিংয়ের সফর সেই সম্পর্ককে আরও সামনে এগিয়ে নেবে বলে আশা করি।