বন্য প্রাণী হত্যার ঘটনা যখন বাংলাদেশে নিত্যদিনের ঘটনা, সে সময়েই বিপন্ন এসব প্রাণী উদ্ধারে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন এক দল তরুণ। প্রাণীর প্রতি সহিংসতা রোধ, সুরক্ষা ও সংরক্ষণে কাজ করার উদ্দেশ্যে ২০১৯ সালে তাঁরা গড়ে তোলেন বন্য প্রাণী সংরক্ষণ ও উদ্ধারের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফ (এসইডব্লিউ–সিউ)’। এ পর্যন্ত সংগঠনটি ১২৬টি বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী উদ্ধার করে মুক্ত করেছে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, প্রথমে দুই তরুণের মাধ্যমে সিউর কার্যক্রম শুরু হয়। একজন বন্য প্রাণীর আলোকচিত্রী খোকন থৌনাউজম ও অন্যজন বন্য প্রাণী উদ্ধারকারী সোহেল শ্যাম। তাঁদের দুজনের বাড়িই মৌলভীবাজারে। বিপন্ন বন্য প্রাণী উদ্ধার ও ছবি তোলার কাজ করতে গিয়েই তাঁদের সম্পর্কের সেতুটা নিবিড় হয়। কোথাও কোনো প্রাণী ধরা পড়লে, আক্রান্ত বা বিপদগ্রস্ত হলে যাতে তাড়াতাড়ি খবর মেলে এবং উদ্ধারের ব্যবস্থা করা যায়, সেই লক্ষ্য থেকেই প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মেসেঞ্জার গ্রুপ খোলেন। সেই গ্রুপই এখন সিউ নামে কাজ করছে। এখন এর সঙ্গে যুক্ত হয়েছেন আলোকচিত্রী ও পরিবেশকর্মী একদল তরুণ। তাঁরা দিনে-রাতে যখনই হোক, বিপন্ন প্রাণীর খবর পেলেই সেটিকে উদ্ধারে ছোটেন। শুশ্রূষা শেষে ফিরিয়ে দিয়ে আসেন সেই প্রাণীর প্রাকৃতিক আলয়ে।
সংগঠনের শুরুটা হয়েছিল শিকারির হাত থেকে বিপন্নপ্রায় ডাহুক পাখি উদ্ধার ও সেগুলোকে মুক্ত করার মাধ্যমে। এখন তাঁরা এ কাজ আরও বহু মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন। প্রাণীর প্রতি ভালোবাসা ও সচেতনতা তৈরির নানা কার্যক্রমও করে চলেছেন। করোনাকালে পথকুকুরকে খাবার দিয়েছেন। বন্য প্রাণীর জন্য সংরক্ষিত বনাঞ্চল গড়ে তুলেছেন। প্রাণীর প্রতি তাঁদের এ ভালোবাসা নিজেদের একটা দায়বোধ থেকেই এসেছে বলে জানিয়েছেন তাঁরা।
প্রকৃতি ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ বন্য প্রাণী। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং মানুষের ভবিষ্যৎ অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই বন্য প্রাণীর সুরক্ষা ও সংরক্ষণ দরকার। আমাদের দেশে বন্য প্রাণী রক্ষায় আইন থাকলেও জনসচেতনতার অভাবে সেটার কার্যকর প্রয়োগ নেই। আইন বাস্তবায়নে বড় বাধা সেটিকে জনসম্পৃক্ত করতে না পারা। এ ক্ষেত্রে প্রাণীপ্রেমী তরুণেরা জনসচেতনতা সৃষ্টি এবং বন্য প্রাণী রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে পারেন। বিপন্ন বন্য প্রাণীর বন্ধু সিউর দৃষ্টান্ত ছড়িয়ে পড়ুক তরুণদের মধ্যে।