প্রজাতন্ত্রের যেকোনো পদে চাকরি প্রদানে মেধা ও যোগ্যতাই যে মাপকাঠি হতে হবে, তা নিয়ে কোনো বিতর্ক চলে না। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে দলীয়করণের বিষবাষ্পে জনপ্রশাসনের অনেক স্তর ইতিমধ্যেই যথেষ্ট কলুষিত হয়ে পড়েছে। সিএসপি অফিসারদের দক্ষতা ও যোগ্যতা আজও আদর্শস্থানীয় হিসেবে গণ্য করা হয়। স্বাধীনতার পর থেকে নানা কারণে সরকারি চাকরিতে নিয়োগ ও পদোন্নতিতে যে ধস নামতে শুরু করে, তা থেকে আমরা আর ঘুরে দাঁড়াতে পারিনি।
প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে কেবল দুর্নীতি ও অনিয়ম নয়, অযোগ্যতা–অদক্ষতাও বাসা বেঁধেছে। সে কারণে শাসনের মানের বিরাট অবনতি ঘটেছে। কোথাও আন্তরিকতা থাকলেও জনগণ সুশাসনের সুফল পাচ্ছে না। কারণ, অযোগ্য লোকেরা সরকারের কল্যাণমুখী পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন করতে পারে না। প্রশাসনে দলীয়করণ ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। তবে যেসব প্রতিষ্ঠান এত দিন এ থেকে কিছুটা হলেও দূরে ছিল এখন মনে হচ্ছে, তারাও আর পার পাবে না।
মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান। অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে এর সচিবালয়ের স্বায়ত্তশাসন ও যোগ্যতাসম্পন্ন লোকবল থাকা জরুরি। কারণ, তারাই তাবৎ সরকারি প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলার দিকটি দেখে থাকে। সেখানে এখন ৩৬টি পদে নিয়োগ প্রদানের প্রক্রিয়ায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সরকারঘেঁষা প্রভাবশালীদের নির্বিচার সুপারিশ কেবল অনৈতিক নয়, এটা রীতিমতো অসদাচরণের পর্যায়ে পড়ে।
মন্ত্রীরা জনপ্রতিনিধি, তাই তাঁদের অনেকের অনুরোধ রক্ষা করতে হয়—এটা কুযুক্তি। সরকারি কর্তব্য পালনে কারও প্রতি রাগ-অনুরাগের বশবর্তী হওয়ার বিষয়ে সংবিধানেই বারণ রয়েছে। টিআইবির বিবৃতিতে রাজনৈতিক প্রভাব বিস্তার করে অবৈধ হস্তক্ষেপের ঘটনাকে যথার্থই অসাংবিধানিক ও ন্যক্কারজনক বলে বর্ণনা করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উচিত হবে বিষয়টিকে প্রশাসনিকভাবে গ্রহণ করা। এ ধরনের নিয়োগ পরীক্ষা যাতে সর্বতোভাবে প্রভাবমুক্ত থাকে, তা সরকারকে নিশ্চিত করতে হবে।