সরকারনির্ধারিত ভাড়া কম—এই অজুহাতে দীর্ঘদিন সিএনজি অটোরিকশা মিটারে চলেনি। অটোরিকশার মালিক ও চালক সব পক্ষের সঙ্গে আলোচনার পর সেই ভাড়া বাড়ানো হয়েছে। প্রতিশ্রুতি ছিল নতুন ভাড়া কার্যকর হওয়ার পর অটোরিকশা মিটারে চলবে। যাত্রীরা আর হয়রানির শিকার হবেন না। গত ১ নভেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হওয়ার পর শুরুর দিকে কিছুদিন এই নিয়ম মেনে চলা হলেও এখন অবস্থা সেই আগের মতোই।
আগের তুলনায় ভাড়া বৃদ্ধির সময় সব দিক বিবেচনায় নেওয়া হয়েছে। আগে যেখানে প্রথম দুই কিলোমিটারের ভাড়া ছিল ২৫ টাকা সেখানে নতুন ভাড়ায় তা করা হয়েছে ৪০ টাকা। পরের প্রতি কিলোমিটার ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ১২ টাকা। প্রতি মিনিট বিরতির ভাড়াও বাড়ানো হয়েছে। একই সঙ্গে মালিকদের জমার পরিমাণ করা হয়েছে ৬০০ থেকে ৯০০ টাকা। সিএনজিচালিত অটোরিকশাচালকদের আগে যুক্তি ছিল মালিকেরা বেশি জমা নেন, আর মালিকদের বক্তব্য ছিল তাঁরা যে অর্থ বিনিয়োগ করেছেন তাতে নির্ধারিত জমায় তাঁদের পোষায় না। ভাড়া বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিক করার পর এখন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা আবার আগের অবস্থানে চলে গেছেন।
মিটার আছে মিটার নেই, ‘খুশি’ করার বায়না বহালঢাকা শহরে যাঁরা নিয়মিত সিএনজিচালিত অটোরিকশায় চলাচল করেন তাঁরা এখন সেই আগের মতোই ভোগান্তির শিকার হচ্ছেন। দেখা যায়, তারা মিটার চালু রাখলেও এর ওপর বাড়তি ভাড়া দাবি করছেন। অটোরিকশাচালকদের সেই পুরোনো বাহানা, মালিকেরা জমার টাকা বৃদ্ধি করেছেন, তাই তাঁদের বাড়তি ভাড়া নিতে হচ্ছে। হয়রানির যে চক্রের মধ্যে যাত্রীরা পড়েছেন তা থেকে যেন তাঁদের মুক্তি নেই।
বিশ্বের আধুনিক সব শহরে অটোরিকশা বা ট্যাক্সি মিটারে চলে সেখানে এ ধরনের চুক্তি বা বাড়তি ভাড়া আদায়ের সুযোগ নেই। অসৎ চালক সেসব শহরে নেই এমন নয়, সাধারণভাবে এসব কার্যকর করা গেছে আইনের কঠোর প্রয়োগের ফলে। এখানেও যেটা প্রয়োজন তা হচ্ছে আইনের কঠোর প্রয়োগ। মিটারে চলতে অস্বীকার করা সিএনজিচালিত অটোরিকশাচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প নেই।